জানুয়ারির মধ্যেই কলকাতা পুলিশে ১৪ হাজার নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর, হলদিয়া পেট্রোকেমে ৬০০০ কোটির লগ্নি
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: সোমবার ১১ হাজার ৫৯৩ জন কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল রাজ্যের তরফে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে একেবারে অনুষ্ঠান করে বেশ কিছু জনের হাতে নিয়োগ পত্র তুলে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে আরও প্রায় ১৪ হাজার নিয়োগ হবে বলে ঘোষণাও করেছেন তিনি। যার পুরোটাই হবে কলকাতা পুলিশে। এছাড়াও আরো ন’হাজারের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে নভেম্বর মাসেই। যাঁদের নিয়োগ প্রক্রিয়া জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এরই পাশাপাশি ডিসেম্বর মাসের মধ্যে কলকাতা পুলিশে আরও চার হাজার নিয়োগ হবে। একই ভাবে জানুয়ারি মাসে নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠান করে তাঁদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। একইসঙ্গে কলকাতা পুলিশে ৬৫০ জন গ্রুপ সি ক্লার্ক নিয়োগের প্রক্রিয়াও চালানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর সরকারের এমন একাধিক পদক্ষেপের ফলে আগামী দু বছরেই পশ্চিমবঙ্গে পুলিশের সংখ্যা উত্তরপ্রদেশের থেকে বেশি হবে বলেও আত্মবিশ্বাসী শুভেন্দু। 

Advertisement

এদিন একাধিক বাঁধা কাটিয়ে যে ১১ হাজার ৫৯৩ জনকে নিয়োগপত্র দেওয়া হল, তাঁদের মধ্যে ৩,৩৭৯ জন মহিলা কনস্টেবল। আজকে যারা নিয়োগপত্র পেলেন তাঁরা আপাতত চারদিন বিশেষ প্রশিক্ষণ নেবেন রাজ্যের মোট চারটি প্রশিক্ষণ শিবিরে, তারপর তাঁরা পুজোর ডিউটি করবেন। পুজোর ডিউটির পর ফের তারা প্রশিক্ষণ শিবিরে যোগ দেবেন বলেও জানিয়েছেন রাজ্যের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্ত। মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলেন, রাজ্যে দশ লক্ষ স্থায়ী কর্মচারী থাকার কথা ছিল, কিন্তু রয়েছে মাত্র সাড়ে পাঁচ লক্ষ। নির্বাচন পরিচালনা করতে গিয়ে এই কম কর্মী থাকাটা আমি বেশ ভাল করে বুঝতে পেরেছি। প্রায় সব জায়গায় (সরকারি কাজে) চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছিল। এই রেশ ধরেই পূর্বতন সরকারের আমলে নিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে নবনিযুক্ত সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম অনিয়ম বা অবৈধ কাজে জড়িয়ে না পড়ার পরামর্শও দিয়েছেন শুভেন্দু। 
এদিন সকালে নিউটাউনের আকাঙ্খা মোড়ে একটি পাঁচতারা হোটেলের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের হাতে অর্থ থাকলে, কাজ থাকলে উৎসব ভালো হবে, ধর্ম ভালো হবে, পরিবার নিয়ে থাকবে। তা‌ই পুজোর মধ্যে শুধু ফিতে কাটা, প্রদীপ জ্বালানো নয়, উন্নয়নের কাজও করছি। আগামী ১৪ তারিখ হলদিয়া পেট্রো কেমিক্যালসে ৬০০০ কোটি টাকার বিনিয়োগের উদ্বোধন হবে। চিংড়িঘাটা মেট্রো আগের সরকার ১৭ মাস আটকে রেখেছিল। আমরা ১৭ দিনে অনুমতি দিয়ে দিয়েছি। ৯ মে ২০২৬’এ শপথ নিয়েছি। ৮ মে ২০২৭ সালের মধ্যে ১ লক্ষ নিয়োগ হবেই। আজ পুলিশের নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে তা শুরু হয়ে গেল। আগামী সাড়ে চার বছরে সমস্ত নিয়োগে সরকার এমন কোনও কাজ করবে না, যাতে আপনাকে কোর্টে যেতে হয়। সবক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে।