Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেধা তালিকায় ৭২ জনের মধ্যে হুগলির ১৪, পাশের হারে রেকর্ড উচ্চ মাধ্যমিকে

পাশের হারের নিরিখে রেকর্ড হল এ বছরের উচ্চ মাধ্যমিকে। সার্বিকভাবে ৯০.৭৯ শতাংশ ছাত্রছাত্রী এ বছর উত্তীর্ণ হয়েছেন। কোভিড-কালে ঢালাও পাশের বিষয়টি বাদ দিলে এটি রেকর্ড।

মেধা তালিকায় ৭২ জনের মধ্যে হুগলির ১৪, পাশের হারে রেকর্ড উচ্চ মাধ্যমিকে
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাশের হারের নিরিখে রেকর্ড হল এ বছরের উচ্চ মাধ্যমিকে। সার্বিকভাবে ৯০.৭৯ শতাংশ ছাত্রছাত্রী এ বছর উত্তীর্ণ হয়েছেন। কোভিড-কালে ঢালাও পাশের বিষয়টি বাদ দিলে এটি রেকর্ড। সার্বিক এই সাফল্যের মধ্যে সাড়া ফেলে দিয়েছে হুগলি জেলা। কারণ, প্রথম ১০-এ থাকা ৭২ জনের মধ্যে ১৪ জন কৃতীই এই জেলার পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান বলছে, শহরের তুলনায় গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা অনেক ভালো ফল করেছেন। বুধবার, পরীক্ষার ৫০ দিনের মাথায় ফল প্রকাশ করল সংসদ। 

Advertisement

এ বছর পরীক্ষায় নথিভুক্ত ছিলেন ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ জন ছাত্রছাত্রী। পরীক্ষায় বসেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। তাঁদের মধ্যে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন পাশ করেছেন। ৫০০-য় ৪৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বর্ধমান সিএমএস হাইস্কুলের (পূর্ব বর্ধমান) ছাত্র রূপায়ণ পাল। দ্বিতীয় স্থানে থাকা তুষার দেবনাথ (৪৯৬) কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র। আরামবাগ হাইস্কুলের রাজর্ষি অধিকারী ৪৯৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। মেধা তালিকায় রয়েছেন ৫২ জন ছাত্র এবং ২০ জন ছাত্রী। অষ্টম এবং নবম স্থানে দু’জন করে, মোট চারজন রয়েছেন কলকাতা থেকে। হুগলির পরেই মেধা তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান (৭ জন করে)। হুগলির আরামবাগ মহকুমা থেকেই রয়েছেন ৬ জন।
পাশের হারের নিরিখে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বরাবরই শীর্ষে থাকে পূর্ব মেদিনীপুর। তার কোনও ব্যতিক্রম হয়নি। এই জেলার ৯৫.৭৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। পাশের হারে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ)। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও সার্বিক পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)। এক্ষেত্রে ছাত্রীদের (৮৮.৮৮ শতাংশ) থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন ছাত্ররা (৯৩ শতাংশ)। তবে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে ছাত্রীরা ঢের এগিয়ে। ৯০ শতাংশ বা তার বেশি নম্বর (‘ও’ গ্রেড) পাওয়া ছাত্রছাত্রীদের অধিকাংশই বিজ্ঞান বিভাগের। এই বিভাগের ৮১ হাজার ৫৮৩ জনের মধ্যে ৩ হাজার ৫৮৮ জন ‘ও’ গ্রেড পেয়েছেন। মেধা তালিকার প্রথম চারজন পিওর সায়েন্সের ছাত্র। বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা ৫৫ জন রয়েছেন প্রথম দশে। কলা বিভাগে পরীক্ষায় বসেছিলেন ৩ লক্ষ ১৮ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে ‘ও’ গ্রেড পেয়েছেন ৩ হাজার ১১৬ জন। প্রথম দশে ১৫ জন। বাণিজ্য বিভাগের ৩০ হাজার ১২০ জন পরীক্ষার্থীর  মধ্যে ৮০৩ জন ‘ও’ গ্রেড পেয়েছেন। মেধা তালিকায় রয়েছেন দু’জন। 
রেগুলার কোর্সের পরীক্ষার্থীদের জন্য এটিই ছিল পুরনো পদ্ধতির শেষ উচ্চ মাধ্যমিক। এবার থেকে পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। দ্বাদশের প্রথম তথা উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। ১২ ফেব্রুয়ারি থেকে চতুর্থ তথা ফাইনাল সেমেস্টারের পরীক্ষা। দু’টি পরীক্ষার ফল নিয়ে তৈরি হবে ফাইনাল মার্কশিট এবং মেধা তালিকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ