Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

জলাভূমি সংরক্ষণের পাঠ দিতে পড়ুয়াদের জন্য বই লিখছে ১৩ বছরের আলিমা হামিদ

বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই স্কুল পড়ুয়াদের কাশ্মীরের জলাভূমি নিয়ে সচেতনতার পাঠ দিচ্ছেন পাম্পোরের আলিমা হামিদ। অষ্টম শ্রেণির এই পড়ুয়ার হৃদয়জুড়ে রয়েছে পাখি।

জলাভূমি সংরক্ষণের পাঠ দিতে পড়ুয়াদের জন্য বই লিখছে ১৩ বছরের আলিমা হামিদ
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই স্কুল পড়ুয়াদের কাশ্মীরের জলাভূমি নিয়ে সচেতনতার পাঠ দিচ্ছেন পাম্পোরের আলিমা হামিদ। অষ্টম শ্রেণির এই পড়ুয়ার হৃদয়জুড়ে রয়েছে পাখি। ইতিমধ্যে পাখির ১৭০টি প্রজাতি নিয়ে বিস্তর পড়াশোনা করেছে এই কিশোরী। এবার সেই ভালোবাসাকেই কাজে লাগাচ্ছে আলিমা।

Advertisement

স্কুল পড়ুয়াদের জন্য একটি অভিনব বই লিখছে সেলিম আলি বার্ডওয়াচার্স নেটওয়ার্কের (এসএবিএন) সদস্য আলিমা। বইয়ের নাম ‘বার্ডস অব প্যারাডাইস’। সেখানে থাকছে ৫৫টি পাখির হাতে আঁকা ছবি। এই কাজে আলিমাকে সাহায্য করছে তারই সহপাঠীরা। ছবির পাশাপাশি পাখিদের বৈশিষ্ট্য ও তাদের বাসস্থানের কথা তুলে ধরা হয়েছে। জলাভূমির সঙ্গে স্থানীয় ও পরিযায়ী পাখিদের সম্পর্কের উল্লেখও রয়েছে। মূলত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য এই বই লিখছে আলিমা। তার কথায়, ‘ফেব্রুয়ারি মাসে রমজানের সময় এই প্রজেক্ট শুরু করি। খুব শীঘ্রই তা সম্পন্ন হবে। বইতে পাখিদের ছবি থাকবে। সঙ্গে জলাভূমির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। বার্ডস অব প্যারাডাইস শুধুমাত্র পাখির ছবি দেওয়া বই নয়। আশা করি এই বই পড়লে নতুন প্রজন্মের মধ্যে বার্ডওয়াচিং নিয়ে আগ্রহ বাড়বে। একইসঙ্গে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জলাভূমির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পারবে।’
হোকেরসার, উলার, হাইগাঁও থেকে শাল্লাবাগ—আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রামসার সাইটের তালিকায় রয়েছে কাশ্মীরের একাধিক জলাভূমি। মধ্য এশিয়া, ইউরোপ, সাইবেরিয়া থেকে আসা বিভিন্ন পরিযায়ী পাখির বাসস্থান প্রকৃতির এই অপরূপ সৃষ্টি। দীর্ঘদিন ধরে এই জলাভূমি সংরক্ষণের দাবি জানাচ্ছেন পরিবেশ কর্মীরা। এবার সেই কাজে যুক্ত হল অষ্টম শ্রেণির পড়ুয়া আলিমা।

Advertisement
সম্পর্কিত সংবাদ