Bartaman Logo
৯ জুন, ২০২৬

১৫ আপ কাউন্সিলারের ইস্তফা, তৈরি হচ্ছে নতুন দল ‘ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি’

দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে মুখ্যমন্ত্রীর চেয়ার গিয়েছে আগেই।

১৫ আপ কাউন্সিলারের ইস্তফা, তৈরি  হচ্ছে নতুন দল ‘ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি’
  • ১৮ মে, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে মুখ্যমন্ত্রীর চেয়ার গিয়েছে আগেই। হাতছাড়া হয়েছে দিল্লি পুরসভাও। অভ্যন্তরীণ কোন্দলের জেরে ফের বড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। শনিবার দিল্লি পুরসভার (এমসিডি) ১৫ আপ কাউন্সিলার একযোগে ইস্তফা দিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন। এই নতুন দলের নাম দেওয়া হয়েছে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি। আপের এই বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন এমসিডির প্রাক্তন দলনেতা মুকেশ গোয়েল। দলত্যাগের কারণ হিসেবে আপের অভ্যন্তরের অরাজকতাকে দায়ী করেছেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকায় অসন্তোষের কথাও গোপন করেননি গোয়েল।

Advertisement

আপ এর আগে এমসিডির মেয়র নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় বিজেপির পথ এমনিতেই মসৃণ হয়ে গিয়েছিল। এবার একসঙ্গে ১৫ কাউন্সিলার ইস্তফা দেওয়ায় দিল্লি পুরসভায় কেজরিওয়ালের দলের অবস্থা আরও দুর্বল হয়ে পড়বে। উল্লেখ্য, বিদ্রোহী আপ কাউন্সিলারদের নেতা মুকেশ গোয়েল চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনে আদর্শনগর আসন থেকে দলের প্রার্থী হয়ে বিজেপির কাছে হেরে গিয়েছিলেন। আবার আপ থেকে পদত্যাগ করা এই ১৫ জন কাউন্সিলার সর্বশেষ এমসিডি নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে কেজিরওয়ালের দলে এসেছিলেন। গোয়েল নিজেও ২৫ বছর ধরে কাউন্সিলার থাকার পর ২০২১ সালে কংগ্রেস ছেড়ে আপে যোগ দিয়েছিলেন। কংগ্রেস ছেড়ে আপে আসা এই নেতারাই এবার কেজরিওয়ালের সঙ্গ ছেড়ে নতুন দল গঠনের কথা ঘোষণা করলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ