নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতই অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু সেই সাক্ষাতের দিনক্ষণ কিংবা সময় ঠিকমতো চূড়ান্ত না করেই সোমবার দিল্লিতে চলে এলেন উত্তরবঙ্গের ১০ জন বিজেপি বিধায়ক। আজ, মঙ্গলবার অন্তত ন’টি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেওয়াই তাঁদের মূল অভিপ্রায়! কিন্তু তার জন্য যে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সম্ভবত তা অজানাই রয়ে গিয়েছে গেরুয়া শিবিরের এই বঙ্গ বিধায়কদের। এদিন দিল্লিতে আসা ওই বিজেপি বিধায়কদের একাংশ দাবি করেছেন, রেল, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, নগরোন্নয়নের মতো একাধিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী তাঁরা। উত্তরবঙ্গের মানুষের জন্য পরিষেবা চেয়েই কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করবেন তাঁরা। সোমবার রাতে বিজেপি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মাত্র একজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছেন বিধায়কেরা। সেই মতো আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করবেন তাঁরা। এরপর গোটা দিন ধরে চলবে অন্য মন্ত্রক থেকে ডাক আসার প্রতীক্ষা!



