Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠক জেলেনস্কির! বার্তা ট্রাম্পের, সুইজারল্যান্ডে দ্বিপাক্ষিক আলোচনা প্রস্তাব ম্যাক্রঁর

শীঘ্রই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

শীঘ্রই পুতিনের সঙ্গে বৈঠক জেলেনস্কির! বার্তা ট্রাম্পের, সুইজারল্যান্ডে দ্বিপাক্ষিক আলোচনা প্রস্তাব ম্যাক্রঁর
  • ২০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: শীঘ্রই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই বার্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানা গিয়েছে, সেক্ষেত্রে প্রথমে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন-জেলেনস্কি। তারপর ট্রাম্পের উপস্থিতিতে ত্রিপাক্ষিক আলোচনা হতে পারে। জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে পুতিনকে ফোনে এমনই প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার হোয়াইট হাউসে প্রথমে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। পরে ইউরোপীয় নেতারাও আলোচনায় যোগ দেন।  তাঁদের মধ্যে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সহ অন্যান্যরা। শান্তি স্থাপন থেকে শুরু করে নিরাপত্তা-একাধিক বিষয় নিয়ে বিস্তর কথাবার্তা হয়। সেখানে কোনও পূর্ব শর্ত ছাড়া পুতিনের সঙ্গে বৈঠকে রাজি হন জেলেনস্কি। সুইজারল্যান্ডে এই বৈঠক করার প্রস্তাব দিয়েছেন ম্যাক্রঁ। 

Advertisement

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘নিরপেক্ষ দেশেই বৈঠক হবে। হয়তো সুইৎজারল্যান্ডের জেনেভায়।’ সোমবারের বৈঠকে জেলেনস্কির দেশকে নিরাপত্তা নিশ্চয়তার বার্তা দেন ট্রাম্প। মঙ্গলবার ব্রিটেন ও ফ্রান্সের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এরপর দেশের বাইরে একাধিক বৈঠক-সম্মেলনে হাজিরা এড়িয়ে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনকে যাবতীয় রক্ষাকবচ দেওয়ার আশ্বাস দিয়েছেন সুইস বিদেশমন্ত্রী ইগনাজিও কাসিস।
ট্রাম্পের বার্তা সম্পর্কে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘শীর্ষ নেতাদের কোনওরকম সাক্ষাতের বিষয়টি অত্যন্ত যত্ন নিয়ে দেখা উচিত।’ তবে জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠক নিয়ে নিশ্চিত কিছু জানাননি তিনি। গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে আলোচনায় বসেছিলেন ট্রাম্প। সেখানে ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট। এদিন সেকথাও মনে করিয়ে দেন লাভরভ। বলেন, ‘আলাস্কায় সাংবাদিক বৈঠকে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্প এবিষয়ে উৎসাহ দেখিয়েছেন।’ যদিও যুদ্ধ থামানো নিয়ে কোনওরকম সময় নষ্ট করতে রাজি নন ট্রাম্প। মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আশা করছি প্রেসিডেন্ট পুতিন ভালো আচরণ করবেন। সেটা না করলে পরিস্থিতি খারাপ হতে পারে। পুতিন চুক্তিতে রাজি নাও হতে পারেন। আগামী দু’সপ্তাহ ওঁর উপর নজর রাখা হবে। জেলেনস্কিকেও একটু নরম হতে হবে। ইউক্রেন প্রচুর জমি পাবে। ওদের ন্যাটোর সদস্যপদ চাওয়া উচিত হয়নি।’ হাজার চেষ্টা সত্ত্বেও রুশ-ইউক্রেন সংঘাত থামাতে পারেননি ট্রাম্প। এর উপর ইউক্রেনকে সামরিক সাহায্য প্রদানের বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছেন না আমেরিকার জনতা। এই অবস্থায় যেকোনও উপায় যুদ্ধ থামাতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ