নয়াদিল্লি: ভারতের নয়াপ্রজন্ম অত্যন্ত সৃজনশীল। তাঁদের উদ্ভাবনী শক্তি অভাবনীয়। কর্মশক্তিতে বলীয়ান যুবসমাজই ভারতের উন্নতিতে নেতৃত্ব দিচ্ছে। সোমবার বিকশিত ভারত ইয়াং লিডারস ডায়লগ (ভিবিওয়াইএলবি) অনুষ্ঠানের সমাপ্তি বক্তৃতায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ‘২০৪৭ সালে দেশ স্বাধীনতার শতবর্ষ পালন করবে। ওই ক্ষণ দেশের যাত্রাপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজের উদ্যম গোটা দেশের সক্ষমতা গড়ে তুলবে। আর নয়া প্রজন্মের সাফল্যই দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে।’
৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি এই কর্মসূচিতে প্রায় ৫০ লক্ষ তরুণ-তরুণী অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতি বছর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুবদিবস পালন করা হয়। স্বামীজির জীবন ও শিক্ষা আমাদের আদর্শ। তার অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’
প্রধানমন্ত্রী জানান, যুবসমাজের কথা মাথায় রেখেই একের পর এক প্রকল্প আনছে কেন্দ্র। সরকারি উদ্যোগে গতি পেয়েছে দেশের স্টার্টআপগুলিও। তিনি জানান দেশজুড়ে অরেঞ্জ ইকোনমিও (সৃজনশীল অর্থনীতি) দ্রুতহারে বাড়ছে। দেশের যুবসমাজকে ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে বেরিয়ে আসারও ডাক দিয়েছেন তিনি।