Bartaman Logo
৯ জুন, ২০২৬

সমাজমাধ্যমে বচসার জের, গাড়ির ধাক্কায় নর্দমায় যুবক

: ইনস্টাগ্রাম চ্যাট করার সময় বিবাদ শুরু হয়েছিল দুই যুবকের। সেই বিবাদের জেরে এক যুবককে গাড়ি নিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল অপর যুবকের বিরুদ্ধে।

সমাজমাধ্যমে বচসার জের, গাড়ির ধাক্কায় নর্দমায় যুবক
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়ডা: ইনস্টাগ্রাম চ্যাট করার সময় বিবাদ শুরু হয়েছিল দুই যুবকের। সেই বিবাদের জেরে এক যুবককে গাড়ি নিয়ে ধাক্কা মারার অভিযোগ উঠল অপর যুবকের বিরুদ্ধে। নয়ডার সেক্টর ৫৩ এলাকায় এই ঘটনা ঘটে। গাড়িটি পিছন থেকে সজোরে ধাক্কা মারায় ওই যুবক ছিটকে রাস্তার পাশের নিকাশি নালায় গিয়ে পড়েন। গাড়ির ধাক্কা মারার মুহূর্তের ছবি ধরা পড়েছে রাস্তার সিসি ক্যামেরা ও এক পথচারীর ফোনে। ভিডিওতে দেখা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় ওই যুবক নিস্পন্দ হয়ে রাস্তায় পড়ে রয়েছেন। ইতিমধ্যেই ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনার পরই গাড়ি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। তাকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পেরেছে, দুই যুবক একে অপরের পরিচিত। অনলাইনে চ্যাট করার সময় কোনও বিষয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। রাস্তায় দু’জনের দেখা হওয়ার পর ফের একপ্রস্থ হাতাহাতি হয়। আশপাশের লোকজনও জড়ো হয়। আহত যুবক যখন সেখান থেকে ফিরে আসছিলেন, তখন অন্য যুবক একটি কালো এসইউভি নিয়ে তাঁকে ধাওয়া করে। তারপরই গতি বাড়িয়ে পিছন থেকে ধাক্কা মারা হয়। নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিস সুপার সুমিতকুমার শুক্লা জানিয়েছেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য একটি টিম গঠন করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ