লাউদোহা (পশ্চিম বর্ধমান): ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুর ফরিদপুর ব্লকের অন্তর্গত গোগলা অঞ্চলের বাউরি পাড়ায়। গতকাল, সোমবার রাতে গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত আসবাব। আগুনে ঝলসে গিয়েছেন এক যুবক। তাঁর নাম আশিস বাউরি। জখম অবস্থায় বছর ত্রিশের ওই যুবককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। পুলিস তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ গোগলা অঞ্চলের ওই বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুনের লেলিহান শিখা গোটা বাড়িটিকে গ্রাস করে। সে সময় বাড়িতে ঘুমোচ্ছিলেন আশিস বাউরি। আগুন এতই তীব্র ছিল যে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় আগুন নেভানোর কাজ। গ্রামবাসীদের চেষ্টায় বেশ কিছুক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রা। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ।