


সংবাদদাতা, কল্যাণী: বউভাতের অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কের শিমুরালি চৌরাস্তায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রিক্তা নন্দী (১৮)। বাড়ি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার নহাটার ইসলামপুর গ্রামে। রিক্তা এই বছর বনগাঁ সিগনেট ডে স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পিসতুতো দাদার বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে নহাটা থেকে একটি অটো রিজার্ভ করে মা ও দিদার সঙ্গে শিমুরালির বিটি কলেজ পাড়ায় এসেছিলেন রিক্তা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শিমুরালি মোড় থেকে ১২ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে নহাটার দিকে যাওয়ার সময় কলকাতাগামী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের অটোর সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অটো থেকে ছিটকে পড়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় রিক্তার। দুর্ঘটনায় গুরুতর জখম হন অটোচালক সহ দু’জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। আরও একজন যাত্রী সামান্য আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন চাকদহ বিধানসভার তৃণমূল প্রার্থী শুভঙ্কর সিংহ সহ অনেকে। চাকদহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য দেহটি কল্যাণীতে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক আটক করেছে পুলিশ, যদিও চালক পলাতক। এদিকে পরিবারের একমাত্র মেয়ে রিক্তার অকালমৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। গত বছর রিক্তার বাবার মৃত্যু হয়েছে। এক বছরের মধ্যে ফের মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।