Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘আপনি পাক চর’, ভয় দেখিয়ে টাকা লোটার নয়া কৌশল প্রতারকদের, সতর্ক করল মন্ত্রক

‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) থেকে বলছি। আপনি পাকচর। সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে পাঠিয়েছেন পাকিস্তানে।

‘আপনি পাক চর’, ভয় দেখিয়ে টাকা লোটার নয়া কৌশল প্রতারকদের, সতর্ক করল মন্ত্রক
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) থেকে বলছি। আপনি পাকচর। সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ছবি তুলে পাঠিয়েছেন পাকিস্তানে। আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। যাবজ্জীবন সাজা ও জরিমানা করা হবে কয়েকদিনের মধ্যেই।’ —এমন হুমকিই সাইবার জালিয়াতদের নতুন কৌশল! এইভাবে টাকা হাতানো শুরু করেছে তারা। এনিয়ে সমস্ত রাজ্যকে সতর্কবার্তা পাঠাল স্বরাষ্ট্র মন্ত্রক। একইসঙ্গে জোর দেওয়া হয়েছে সচেতনামূলক প্রচারের উপর। 

Advertisement

কয়েকদিন আগে মুম্বই পুলিসের সাইবার থানায় এক মহিলা অভিযোগ করেন, তাঁর কাছে ‘দিল্লি পুলিসের এটিএসের অফিসার’ পরিচয় দিয়ে একজন ফোন করে। মহিলাকে বলা হয়, তিনি পাকিস্তানের চর। দেশের বিভিন্ন সংবেদনশীল তথ্য পাচার করেছেন। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারি এড়াতে তাঁকে একটি অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়। ভয়ে তিনি টাকা পাঠিয়েও দেন। মহিলা পরে বুঝতে পারেন যে তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। 
মুম্বই পুলিসের তরফে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ক্রাইম প্রিভেনশন উইংকে জানানো হয়। তারা খোঁজ করতে গিয়ে দেখে—শুধু মুম্বই নয়, দেশজুড়েই এই কল করে চলছে সাইবার জালিয়াতরা। বহুচর্চিত ‘ডিজিটাল অ্যারেস্টের’ কায়দায় ফোন করে জালিয়াতরা দিল্লি, মুম্বই বা কোনও রাজ্যের এটিএসের নাম করছে! বিশ্বাসযোগ্যতা অর্জনের পর সংশ্লিষ্ট পুলিস বিভাগের লোগো পাঠিয়ে দিচ্ছে। এমনকী, জালিয়াতরা ভুয়ো আইডি কার্ডও পাঠাচ্ছে হোয়াটঅ্যাপে। 
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, কিছুদিন আগে অপারেশন ‘মির জাফর’-এ  বিভিন্ন রাজ্যের এটিএস একের পর এক পাকচরকে গ্রেপ্তার করে। এটাকেই হাতিয়ার করেছে প্রতারকরা। চরবৃত্তির অভিযোগ আনার পর ভয় দেখানো হচ্ছে গ্রেপ্তারের। এমনকী, ‘সাজা’ ঘোষণার কথা পর্যন্ত বলে দিচ্ছে তারা। ঘাবড়ে গিয়ে অনেকে টাকাও দিয়ে দিচ্ছেন। 
এই নিয়ে আরও অভিযোগ আসতে শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের সতর্কবার্তা কোনও রাজ্যেরই এটিএস পাকচার জানিয়ে কোনও ব্যক্তিকে ফোন করে না। আর ফোনে কাউকে গ্রেপ্তার করা যায় না। এটা পুরোটাই জালিয়াতি। তাই এই ধরনের ফোন পেলে এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কেউ ভয় পেয়ে টাকা দিয়েও দেন তাহলে প্রতারিতকে সংশ্লিষ্ট রাজ্যের সাইবার উইং বা থানায় অভিযোগের কথা জানিয়েছেন কর্তারা, যাতে সেই সূত্র ধরে জালিয়াতদের পাকড়াও করা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ