সংবাদদাতা, বনগাঁ: মানবিকতার নজির গড়ল বনগাঁ জেলা পুলিস। মানসিক ভারসাম্যহীন দুই যুবককে উদ্ধার করে মানসিক হাসপাতালে পাঠাল তারা। বৃহস্পতিবার স্থানীয় ঘাটবাঁওড় হাজিপাড়া এলাকায় বছর তিরিশের এক যুবককে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিস ওই যুবককে উদ্ধার করে প্রথমে বনগাঁ হাসপাতালে ভর্তি করে। পরদিন আদালতের নির্দেশে তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, শনিবার বিহারের বাসিন্দা সঞ্জীবকুমার সিং (২৮)-কে স্থানীয় এরোপোতা এলাকা থেকে বনগাঁ থানার পুলিস উদ্ধার করে। পরে আদালতের নির্দেশে মানসিক ভারসাম্যহীন ওই যুবককেও মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের এই মানবিক কাজের প্রশংসা করেছেন অনেকেই।



