Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

গার্হস্থ্য হিংসা সম্পর্কে সচেতনতা বাড়াতে কলেজে এল মহিলা কমিশন

গার্হস্থ্য হিংসা নিয়ে সচেতন করতে এবার কলেজে পৌঁছে গেল রাজ্য মহিলা কমিশন। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ির পি ডি উইমেন্স কলেজে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়।

গার্হস্থ্য হিংসা সম্পর্কে সচেতনতা বাড়াতে কলেজে এল মহিলা কমিশন
  • ৫ জুন, ২০২৫ ১৯:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গার্হস্থ্য হিংসা নিয়ে সচেতন করতে এবার কলেজে পৌঁছে গেল রাজ্য মহিলা কমিশন। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ির পি ডি উইমেন্স কলেজে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরাও। তাঁরা কলেজের ছাত্রীদের পাশাপাশি শিক্ষিকাদের সঙ্গেও কথা বলেন। কোনওভাবে কেউ গার্হস্থ্য হিংসার শিকার হলে কোথায়, কীভাবে অভিযোগ জানাতে হবে সেই সম্পর্কে সচেতন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন। জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত এলাকার গ্রামগুলিতেও যাওয়ার কথা রয়েছে তাঁদের। 

Advertisement

আজ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, মহিলাদের মাথার উপর ছাতার মতো রয়েছে রাজ্য মহিলা কমিশন। যে কোনও সমস্যায় তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইলে মেসেজ করে দিলেই সেই মহিলার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা। এমনকী বিপদের হাত থেকে তাঁকে উদ্ধারও করা হয়। কমিশনের চেয়ারপার্সন বলেন, গার্হস্থ্য হিংসার অনেক ধরন রয়েছে। অনেক মেয়ে বুঝতেই পারেন না যে তিনি গার্হস্থ্য হিংসার শিকার কী না! কিংবা তাঁর সঙ্গে কোনও ঘটনা ঘটলে কোথায় কীভাবে অভিযোগ জানাতে হয় সেটা না জানায় চুপ করে থাকেন। এসব নিয়েই আমরা এদিন কলেজের মেয়েদের সচেতন করেছি। নিজের পরিচয় গোপন রেখেও কীভাবে অভিযোগ জানানো যায়, ওয়ান স্টপ সেন্টার কী সবটাই জানানো হয়েছে মেয়েদের। 

পি ডি উইমেন্স কলেজের অধ্যক্ষ সমাপ্তি সাহা বলেন, রাজ্য মহিলা কমিশন এ ধরনের একটি বিষয় সম্পর্কে মেয়েদের সচেতন করতে আমাদের কলেজ বেছে নেওয়ায় আমরা অত্যন্ত খুশি। হয়ত ছাত্রীদের নিজেদের পরিবারে এমন কোনও ঘটনা ঘটছে না। কিন্তু চোখের সামনে তাঁরা অন্য পরিবারে কোনও ঘটনা ঘটতে দেখছে। সেক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে সেই গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে মেয়েরা। এটা খুবই ভালো দিক। কমিশনের চেয়ারপার্সন বলেন, এদিন কলেজ ছাত্রীরা প্রথমে মুখ খুলতে না চাইলেও পরে তারা অনেক বিষয়ই শেয়ার করেছে। মেয়েরা মুখ খুলছে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ