চিত্তুর: স্বামী ঋণ নিয়েছিলেন। তা শোধ দিতে পারেননি স্ত্রী। সেই ‘অপরাধে’ গাছে বেঁধে মহিলাকে বেধড়ক মারধর। অন্ধ্রপ্রদেশের চিত্তুরের এই মধ্যযুগীয় বর্বরতার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘মহিলাদের উপর এই ধরনের নির্যাতন কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযুক্তকে শাস্তি পেতেই হবে।’ নির্যাতিতার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙ্গালাপুডি অনিতা। জানা গিয়েছে, নির্যাতিতা সিরসার স্বামী স্থানীয় বাসিন্দা মুনিকাপ্পার কাছ থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ধার শোধ না করেই স্ত্রী ও সন্তানদের ছেড়ে অন্যত্র চলে যান তিম্মারায়াপ্পা। ঋণের বোঝা চাপে সিরসার কাঁধে। দিনমজুর সিরসা সেই ঋণ শোধ দিতে পারেননি।



