


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরান ও আমেরিকা-ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। কিন্তু তাতে রান্নার গ্যাসের দাম কি কমবে? ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির হাত থেকে কি সাধারণ মানুষ রেহাই পাবে? রাজ্যের নির্বাচনি প্রচারে আপাতত এমন সব প্রশ্নেরই মুখোমুখি হতে হচ্ছে অধিকাংশ বিজেপি প্রার্থীকে। অথচ তাঁদের কাছে নির্দিষ্ট কোনো জবাব না থাকায় প্রবল সমস্যায় পড়তে হচ্ছে। ভোটাররা এমন প্রশ্ন করলে কী জবাব দেব? মরিয়া হয়ে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানতে চাইছেন বাংলার দলীয় প্রার্থীরা।
রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে, শীঘ্রই রাজ্য বিজেপির কাছে গাইডলাইন পাঠানো হচ্ছে। জানানো হয়েছে, এই মুহূর্তে যেন রান্নার গ্যাসের দাম নিয়ে কোনো কিছু ‘কমিট’ না করা হয়। পরিবর্তে সাধারণ ভোটারদের বোঝাতে হবে, যুদ্ধ কেন্দ্রের মোদি সরকার লাগায়নি। তাই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে প্রত্যক্ষভাবে বিজেপি সরকারের কোনো ভূমিকাই নেই। রাজ্যের নির্বাচনি প্রচার এবং সভা-সমাবেশে বিশেষ করে মহিলা ইস্যু আরও বেশি করে তুলে ধরার ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, রাজ্যের মহিলাদের জন্য বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে, তা ভোটারদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। এরই মধ্যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে দেশব্যাপী প্রচার বাড়ানোর উদ্দেশ্যে শুক্রবার দিল্লিতে জরুরি বৈঠক করেছেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতারা। রাজ্যওয়াড়ি প্রচার কর্মসূচির দিশানির্দেশ স্থির করতে দিল্লিতে এদিনের বৈঠকে বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি এবং সেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।