দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তথা এনডিএ শিবিরের প্রার্থী হচ্ছেন আরিফ মহম্মদ খান? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে রাজ্য তথা জাতীয় রাজনৈতিক মহলে। কেরলের প্রাক্তন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। বর্তমানে বিহারে রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের মাসখানেক আগে তাঁর নাম নিয়েই চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। এই বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উপরাষ্ট্রপতি নির্বাচনে মুসলিম অথবা মহিলা মুখকে বিজেপি তথা এনডিএ শিবির প্রার্থী করতে পারে বলে বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছে। বৃহস্পতিবার বিজেপির শীর্ষ সূত্রে খবর, শেষমেশ কোনও সংখ্যালঘু মুখকেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির।
রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, উপরাষ্ট্রপতি পদে কোনও মুসলিম মুখকে প্রার্থী করে আদতে ‘মাস্টারস্ট্রোক’ দিতে চাইছে বিজেপি। কারণ সেক্ষেত্রে চাপে পড়তে হবে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে। সরাসরি মুসলিম মুখের বিরোধিতা করতে হলে বেকায়দায় পড়তে হবে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। অর্থাৎ, এক্ষেত্রে এক ঢিলে দু’টি পাখি মারতে তৎপর হয়েছে গেরুয়া শিবির। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সংসদ ভবনে এনডিএ ফ্লোর লিডারদের বৈঠক হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ শ্রীকান্ত সিন্ধে, মিলিন্দ দেওরা, প্রফুল্ল প্যাটেল, চিরাগ পাসোয়ান, উপেন্দ্র কুশওয়া, অনুপ্রিয়া প্যাটেলের মতো এনডিএ নেতৃত্ব।
এই বৈঠকের ব্যাপারে সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর পক্ষে কে প্রার্থী হবেন, তা চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যসভার নেতা জেপি নাড্ডার উপরই সঁপেছেন শরিক দলের নেতৃত্ব। এদিন বিজেপির শীর্ষ সূত্রে জানানো হয়েছে, সম্ভবত আগামী ১২ আগস্ট উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। যদিও এই দিনক্ষণ এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ আগস্ট। নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। ওইদিনই গণনা শেষে পরবর্তী ভাইস প্রেসিডেন্টের নাম জানানো হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোট - দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে রয়েছে। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়েও চর্চা রয়েছে।