


পাটন: দলিত হয়েও ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার মতো ‘অপরাধ’ করেছিল এক যুবক। শাস্তি হিসাবে ওই দলিত যুবককে মারধরের অভিযোগ উচ্চবর্ণের কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুজরাতে পাটনে। হামলার পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত যুবকের বাবা। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, আক্রান্ত যুবক বিশাল চাভদা পাটনের চন্দ্রুমানা গ্রামের বাসিন্দা। সোমবার ছিল তাঁর বিয়ে। ঘোড়ায় চেপে আত্মীয়-পরিজনদের নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। মাঝপথেই তরোয়াল হাতে সেই শোভাযাত্রা আটকে দেন একদল উচ্চবর্ণের যুবক। দলিত যুবকের ঘোড়ায় চড়ার ‘দুঃসাহস’ নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। ওই যুবকরা চিৎকার করতে থাকেন, ‘নীচু জাতের হয়েও কেন ঘোড়ায় চড়বেন বিশাল?’ এরপরেই শোভাযাত্রার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ।
এই ঘটনায় বিশালের বাবার অভিযোগের ভিত্তিতে আটজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন নাবালক। অভিযুক্তদের বিরুদ্ধে এসসি-এসটি আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ডিএসপি পি জে রেণুকা জানিয়েছেন, ঘটনাস্থল থেকেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। যদিও পুলিশের দাবি, বিশালের পরিবার ও হামলাকারীদের মধ্যে আগে থেকেই শত্রুতা ছিল। অভিযোগকারীদের ডিজে বক্স বাজানো বন্ধ করতে বলেছিলেন অভিযুক্তরা। তা থেকেই অশান্তির সূত্রপাত।
মোদিরাজ্যে এই ঘটনা অবশ্য বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘোড়া চড়ে বিয়ে করতে যাওয়ার ‘অপরাধে’ নীচু জাতের উপর বারবার এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। ২০২৪ সালে গান্ধীনগরে দলিত পাত্রকে ঘোড়া থেকে নামিয়ে চড় মারেন চার যুবক। ২০২০ সালে এক সেনাকর্মীর বিয়ের শোভাযাত্রাতেও পাথর ছোঁড়েন উচ্চবর্ণের বেশ কয়েকজন।