নয়াদিল্লি: ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজে ভারত পাচ্ছে না রোহিত শর্মা, বিরাট কোহলিকে। আর সেজন্যই সম্ভাব্য দল নিয়ে ক্রিকেট মহলে শুরু জল্পনা। বিশেষ করে চার নম্বরে বিরাটের জায়গায় কে ব্যাট করতে যাবেন, তা নিয়ে চর্চা বাড়ছে। উঠে আসছে অনেক নাম।

বছরের গোড়ায় সিডনিতে শেষ টেস্টে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন লোকেশ রাহুল। তিনে নামেন শুভমান গিল। পাঁচ ও ছয়ে ছিলেন যথাক্রমে ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। ভারতের ‘টপ থ্রি’ যদি একই থাকে, তাহলে চারে শ্রেয়স আয়ার, সাই সুদর্শন বা করুণ নায়ারকে দেখা যেতে পারে। শ্রেয়স এখনও পর্যন্ত ১৪ টেস্টে ৩৬.৬০ গড়ে করেছেন ৮১১ রান। অতীতে মিডল অর্ডারেই নেমেছেন তিনি। চলতি মরশুমে রনজিতে রান পেয়েছেন। আইপিএলেও আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে।
ক্রোড়পতি লিগে অবশ্য সবচেয়ে বেশি নজর কেড়েছেন তরুণ তুর্কি সুদর্শন। এই আসরে গুজরাত টাইটান্সের হয়ে ৫০৯ রান রয়েছে তাঁর। বিশেষজ্ঞদের অনেকেই বাঁ-হাতি ওপেনারকে টেস্ট স্কোয়াডে দেখতে চেয়েছেন। ২৩ বছর বয়সির খেলার ধরনও ধ্রুপদী আসরের উপযুক্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনে নামেন তিনি। তাই চারে আসতে অসুবিধা নেই। ঘরোয়া ক্রিকেটে রানের নিরিখে করুণ নায়ার অবশ্য অপ্রতিদ্বন্দ্বী। রনজি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে ঈর্ষণীয় ধারাবাহিকতা তাঁর। এছাড়া, নাম উঠছে দেবদূত পাদিক্কাল, সরফরাজ খান থেকে অজিঙ্কা রাহানেরও।
এদিকে, কোহলি, রোহিতের অবসরে চাপ বাড়ল মহম্মদ সামির উপর। আইপিএলে ফর্মে নেই তিনি। ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডে তাঁর অন্তর্ভুক্তি না হলে তিনিও লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হবেন।