Bartaman Logo
৯ জুন, ২০২৬

পহেলগাঁওয়ের জঙ্গিরা গ্রেপ্তার না পড়া পর্যন্ত কীসের সাফল্য? তৃণমূলের সুরেই প্রশ্ন কংগ্রেসের

মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রায় প্রতিদিন কোনও না কোনও মন্ত্রক সরকারের সাফল্য প্রচার করছে। একইভাবে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও ঠিক করেছে, তারাও প্রায় প্রতিদিন পাল্টা মোদি সরকারের ব্যর্থতার কথা শোনাবে।

পহেলগাঁওয়ের জঙ্গিরা গ্রেপ্তার  না পড়া পর্যন্ত কীসের সাফল্য? তৃণমূলের সুরেই প্রশ্ন কংগ্রেসের
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে প্রায় প্রতিদিন কোনও না কোনও মন্ত্রক সরকারের সাফল্য প্রচার করছে। একইভাবে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসও ঠিক করেছে, তারাও প্রায় প্রতিদিন পাল্টা মোদি সরকারের ব্যর্থতার কথা শোনাবে। সেই মতো এদিন দলের মুখপাত্র তথা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তৃণমূলের সুরেই সুর মেলাল কংগ্রেস। তাদের প্রশ্ন,  পহেলগাঁওয়ের জঙ্গিরা ধরা না পড়া পর্যন্ত কোন মুখে মোদি সরকার দাবি করে অপারেশন সিন্দুর সফল?

Advertisement

কংগ্রেস সাংসদ শশী থারুরের সভাপতিত্বে বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সাম্প্রতিক বৈঠকে বিদেশসচিব বিক্রম মিস্রির সামনে ঠিক এই প্রশ্নটিই রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়েছিলেন বিদেশসচিব। জানিয়েছিলেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রক বলতে পারবে। বুধবার সেই প্রশ্নই তুলল কংগ্রেস। বাঘেল তো বটেই, এআইসিসির প্রধান মুখপাত্র জয়রাম রমেশ এদিন বলেন, পাকিস্তানকে একঘরে করার উদ্দেশ্য নিয়ে সরকারের পাঠানো সর্বদলীয় প্রতিনিধিদল তো দেশে ফিরেছে। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে চা-চক্রে সাক্ষাতও করেছেন মঙ্গলবার। কিন্তু এবার কি রাজনৈতিক দলের শীর্ষনেতৃত্বের সঙ্গে কোনও বৈঠকে বসবেন? কেন বসছেন না? পাকিস্তানকে চীনের মদত এবং ভারতের চিফ অব ডিফেন্স স্টাফের মন্তব্য নিয়ে কেন নরেন্দ্র মোদি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে অবস্থান স্পষ্ট করছেন না? প্রধানমন্ত্রীকে নিশানা করে জয়রাম বলেন, স্রেফ পহেলগাঁওই নয়। ওই জঙ্গিরা ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চ এবং ২০২৪ সালের গগনগির এবং গুলমার্গের হামলার সঙ্গে যুক্ত ছিল। ফলে সেই জঙ্গিদের ধরতে সরকার কি বাড়তি উদ্যোগ নিচ্ছে? সংসদের বাদল অধিবেশনে কি দুদিন নির্দিষ্ট করে পহেলগাঁও ইস্যুতে আলোচনা হবে? 
বাঘেল কটাক্ষের সুরে বলেন, ২০১৪ সালে দেশ এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে, যাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। যা এর আগে কোনও প্রধানমন্ত্রীকে নিয়ে হয়নি। শিক্ষাগত যোগ্যতার কোনও প্রামাণ্য দলিল নরেন্দ্র মোদি দিতে পারেননি। তাই তিনি শিক্ষিত নাকি স্বাক্ষরহীন কেউ জানে না। তবে মোদি যে অজ্ঞ, তা তিনি নিজেই প্রমাণ দিয়েছেন। বাঘেল বলেন, নরেন্দ্র মোদি কখনও বলেছেন নর্দমার গ্যাস থেকেও রান্না করা যায়। আবার কখনও শুনিয়েছেন আকাশে মেঘ থাকলে রেডার কাজ করে না। নোটবন্দি থেকে বিদেশনীতি, কোভিড মোকাবিলা থেকে মহাকুম্ভে মৃত্যু, মোদি সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন বাঘেল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ