Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাইপ পরিষ্কারের জেরে জল সরবরাহ বন্ধ, বিক্ষোভ হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডে

এলাকার দু’টি পাম্প হাউসের অবস্থা ছিল খুবই খারাপ। জরুরি ভিত্তিতে চলছে পাইপ লাইন পরিষ্কারের কাজ।

পাইপ পরিষ্কারের জেরে জল সরবরাহ বন্ধ, বিক্ষোভ হাওড়ার ৪৫ নম্বর ওয়ার্ডে
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: এলাকার দু’টি পাম্প হাউসের অবস্থা ছিল খুবই খারাপ। জরুরি ভিত্তিতে চলছে পাইপ লাইন পরিষ্কারের কাজ। যার জেরে গত দু’দিন ধরে চরম জলসঙ্কট চলছে এলাকা জুড়ে। অভিযোগ, এমন অবস্থায় হাজার হাজার বাসিন্দার জলের চাহিদা মেটাতে পুরসভার তরফে জলের গাড়ি পাঠানো হয়েছে মাত্র একটি। ঘটনাটি হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের। বুধবার দুপুরে জল না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা।

Advertisement

হাওড়া পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের নাজিরগঞ্জ এলাকায় প্রায় সাড়ে তিন হাজার মানুষের বসবাস। গোটা এলাকায় জল সরবরাহের জন্য রয়েছে দু’টি পাম্প হাউস। অভিযোগ, দীর্ঘদিন ধরেই পাম্পগুলির সংস্কার হয় না। পলি জমতে জমতে দু’টি পাম্প হাউসই প্রায় বিকল হয়ে গিয়েছে। 
ফলে বেশ কিছুদিন ধরে ঠিকমতো জল পাচ্ছিলেন না বাসিন্দারা। গত সোমবার থেকে জল সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায় এলাকায়। ফলে তীব্র গরমে জল সঙ্কট তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে কেএমডিএ পরিচালিত পাম্প হাউস দু’টির কাজ বন্ধ রেখে পাইপলাইন পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় পুরসভার তরফে জলের ট্যাঙ্ক পাঠানো হলেও তা পর্যাপ্ত নয় বলে বাসিন্দাদের অভিযোগ। দু’দিন ধরে জল না পাওয়ায় অবশেষে ধৈর্যচ্যুতি ঘটে তাঁদের। বুধবার দুপুরে পুরসভার পাঠানো জলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। স্থানীয় বাসিন্দা কুসুমিতা জানা, নন্দিনী চক্রবর্তী, সাগরিকা ঘোষ বলেন, ‘ঘরের অন্যান্য কাজকর্ম তো দূর, অসহনীয় গরমে খাওয়ার জলটুকুও পাওয়া যাচ্ছে না। হাজার হাজার বাসিন্দার জন্য একটিমাত্র জলের ট্যাঙ্ক পাঠিয়েই দায় সেরেছে পুরসভা। তাই বিক্ষোভে নামতে বাধ্য হয়েছি।’ এরপর পুরসভার তরফে এলাকায় গিয়ে বাসিন্দাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।
হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, ‘সোমবার থেকে পাইপ লাইন পরিষ্কারের কাজে শুরু হয়েছে। আশা করছি আজ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। স্বাভাবিক পরিষেবা পাবেন বাসিন্দারা।’ পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত ওই এলাকায় একাধিক জলের ট্যাঙ্ক পাঠানোর আশ্বাস দিয়েছে পুরসভা।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ