নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যের যেসব অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিজস্ব বাড়ি বা জমিতে চলছে, সেগুলির একটা বড় অংশে পানীয় জলের কোনও ব্যবস্থা নেই। সূত্রের খবর, সংখ্যাটা ১০ হাজারের বেশি। এই সমস্যা বহুদিনের। এই ধরনের কেন্দ্রগুলিতে এবার পানীয় জলের সংযোগ দিতে উদ্যোগী হল রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। এই মর্মে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর’ (এসওপি) দিয়েছে তারা। ইতিমধ্যে তা জেলায় জেলায় পাঠানো হয়েছে। পঞ্চায়েত দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে জলের লাইন বসানোর বিষয়টি আগেই ঠিক হয়েছিল। এবার এই কাজের খরচ জোগাড় সংক্রান্ত উপায়ও বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে, জলের লাইন সংযোগ বাবদ আর্থিক খরচ জোগাড়ের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সাহায্য নেওয়া যাবে। এসওপিতে বলা হয়েছে, প্রয়োজনে সাংসদ, বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা চাইতে পারে সংশ্লিষ্ট ব্লক বা জেলা। অর্থসাহায্য করলে, সেই সংক্রান্ত সম্মতিপত্র দিতে হবে বিধায়ক বা সাংসদকে।



