Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অপারেশন সিন্দুর’-এর নামে প্রতারণার ফাঁদ, সতর্কতা জারি

যখন যে বিষয় নিয়ে মানুষের মধ্যে সাড়া পড়ে, সেই বিষয়কেই প্রতারণার টোপ হিসেবে কাজে লাগাতে নেমে পড়ে সাইবার প্রতারকরা।

‘অপারেশন সিন্দুর’-এর নামে প্রতারণার ফাঁদ, সতর্কতা জারি
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যখন যে বিষয় নিয়ে মানুষের মধ্যে সাড়া পড়ে, সেই বিষয়কেই প্রতারণার টোপ হিসেবে কাজে লাগাতে নেমে পড়ে সাইবার প্রতারকরা। এবার তাদের হাতিয়ার ‘অপারেশন সিন্দুর’! ‘অপারেশন সিন্দুরে সাফল্য এসেছে। তাই ভারতীয় সেনার তহবিলে ডোনেট করুন’—এই ধরনের কোনও মেসেজ এলেই সাবধান! ওই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করলেই মুহূর্তে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সাইবার জালিয়াতদের নতুন এই ছক নিয়ে এবার সমস্ত রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

চারধাম যাত্রার ফ্রি পাস বা সহজে আইপিএলের টিকিট হাতে পাওয়ার মতো বিভিন্ন সময়ের ‘ট্রেন্ডিং’ বিষয়গুলিই লোক ঠকানোর জন্য বেছে নেয় সাইবার প্রতারকরা। নতুন করে কোন বিষয় আম জনতার মধ্যে সাড়া ফেলেছে, কী বিষয় নিয়ে কথা বলতে উৎসাহী তারা—এসব জেনে নেওয়ার পর জালিয়াতরা কৌশল ঠিক করছে। পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য নিয়ে এখন দেশজুড়ে চর্চা চলছে। সেনার প্রশংসায় পঞ্চমুখ সবাই। আম জনতার এই উৎসাহকেই তাদের প্রতারিত করার কাজে লাগাতে তৎপর জালিয়াতরা। হরিয়ানার নু, রাজস্থানের ভরতপুর, ঝাড়খণ্ডের জামতাড়ার সাইবার প্রতারকদের ফোনে আড়ি পেতে বিভিন্ন রাজ্যের পুলিসের কাছে যে তথ্য এসেছে, তা রীতিমতো চাঞ্চল্যকর। তাদের রিপোর্ট জমা পড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার ডিভিশনে। সেখান থেকেই জানা যায় যে এবার ‘অপারেশন সিন্দুর’কে হাতিয়ার করেছে প্রতারকরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খোলা হচ্ছে। সেখানে তারা সেনার মতো পোশাক পরে থাকবে বলে ঠিক হয়েছে। প্রতিটি প্রোফাইল থেকে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য সংক্রান্ত বিভিন্ন ছবি পোস্ট করা হবে। ভারতীয় সেনার গৌরবগাথা পোস্ট করা হবে। এরপর বিভিন্ন লোকের কাছে যাবে বন্ধুত্বের অনুরোধ। কেউ তা গ্রহণ করলেই সেনার পরিচয় দিয়ে বলা হবে, ভারতের এই অসামান্য সাফল্যের জন্য সেনার তহবিলে দান করুন। পাশাপাশি, মোবাইলে মেসেজ পাঠিয়ে বা ফোন করেও একই কথা বলা হবে। কেউ দান করতে রাজি হলেই তাঁর ফোনে যাবে একটি লিঙ্ক। তাতে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। 
স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আসা খবর অনুযায়ী, উত্তরপ্রদেশ, রাজস্থানের কয়েকজন এই ধরনের মেসেজ পেয়েছেন। তাই সেনার জন্য ডোনেশন চেয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় অনুরোধ বা মোবাইলে মেসেজ পাঠালে তাতে ক্লিক না করার জন্য আম জনতাকে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। সেই সঙ্গে চলবে লাগাতার সচেতনতা প্রচার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ