Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

‘যুদ্ধ ছোট বা বড় হয় না’, খাড়্গের বিরোধিতা শারদ-কন্যা সুপ্রিয়ার

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপকে ‘ছোটখাটো যুদ্ধ’ বলে মন্তব্য করে ইতিমধ্যেই বিজেপির কটাক্ষের মুখে পড়েছেন মল্লিকার্জুন খাড়্গে।

‘যুদ্ধ ছোট বা বড় হয় না’, খাড়্গের বিরোধিতা শারদ-কন্যা সুপ্রিয়ার
  • ২২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

মুম্বই ও নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপকে ‘ছোটখাটো যুদ্ধ’ বলে মন্তব্য করে ইতিমধ্যেই বিজেপির কটাক্ষের মুখে পড়েছেন মল্লিকার্জুন খাড়্গে। নাম না করে এবার কংগ্রেস সভাপতির মন্তব্যের বিরোধিতা করলেন জোটসঙ্গী এনসিপি (এসপি)-র সাংসদ সুপ্রিয়া সুলেও। শারদ পাওয়ারের কন্যা সুলে বলেন, ‘কোনও যুদ্ধকে ছোট বা বড় বলে দাগিয়ে দেওয়া যায় না। যুদ্ধ যুদ্ধই। আর এই যুদ্ধটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সর্বদলীয় বৈঠকে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ইস্যুটিতে কোনওরকম রাজনীতি করব না। এরকম এক সংবেদনশীল মুহূর্তে পরস্পরের বিরুদ্ধে কোনও মন্তব্যও করব না।’ পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে দেশে প্রচারের লক্ষ্যে কেন্দ্র যে সর্বদলীয় প্রতিনিধি টিম গঠন করেছেন, সেখানে রয়েছেন সুপ্রিয়া সুলেও। রাজনৈতিকভাবে বিরোধী শিবিরে থাকা এনসিপি (এসপি)-র এই সাংসদ দেশকে সর্বাগ্রে রাখার পক্ষে জোরালো সওয়াল করেছেন। কুর্নিশ জানিয়েছেন সেনাকে। তাঁর কথায়, ‘ভারতবাসী হিসেবে আমি গর্বিত। অপারেশন সিন্দুরকে আমি একশোয় একশো নয়, এক হাজার নম্বর দেব।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ