বেঙ্গালুরু: ‘গগনযান’-এর মাধ্যমে মহাকাশে নভোশ্চর পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ইসরো। মূল অভিযানের আগে তিনটি মানবহীন যান পাঠাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। আগামী ডিসেম্বরেই হবে প্রথম উৎক্ষেপণ। প্রথম মানবহীন অভিযানের অংশ থাকবে হিউমানয়েড রোবট ‘ব্যোমমিত্র’। রোবটটিকে মহাকাশে নিয়ে যাবে এলভিএম৩ রকেট। রবিবার এমনটাই জানালেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। একইসঙ্গে তিনি বলেন, আগামী পাঁচমাসে সাতটি উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। ইসরো চেয়ারম্যানের কথায়, ‘গগনযান নিয়ে ৯০ শতাংশের বেশি কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মানুষ পাঠানোর আগে তিনটি মানবহীন অভিযান হবে। প্রথম অভিযান নিয়ে জোরকদমে কাজ চলছে। এই প্রথম মহাকাশযাত্রার অন্যতম অংশ থাকবে রোবট ব্যোমমিত্র। হার্ডওয়ার সহ বিভিন্ন যন্ত্রাংশ ইতিমধ্যে শ্রীহরিকোটায় পৌঁছে গিয়েছে। বর্তমানে সেগুলিকে অ্যাসেম্বল করার কাজ চলছে।’



