Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘রক্তবিন্দুতে ভোট— জয় করুন নিজেকে’, হেদুয়াতে বিজ্ঞাপন দিয়ে দৃষ্টি আকর্ষণ

হেদুয়া পার্কের সামনে বড়ো আকারের বিজ্ঞাপন। সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে বড়ো করে লেখা ‘এই চিহ্নে ভোট দিন’। চিহ্নটা কি? প্রার্থীই বা কে?

‘রক্তবিন্দুতে ভোট— জয় করুন নিজেকে’, হেদুয়াতে বিজ্ঞাপন দিয়ে দৃষ্টি আকর্ষণ
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হেদুয়া পার্কের সামনে বড়ো আকারের বিজ্ঞাপন। সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে বড়ো করে লেখা ‘এই চিহ্নে ভোট দিন’। চিহ্নটা কি? প্রার্থীই বা কে? সে সবের কোনও উল্লেখ নেই বিজ্ঞাপনে। শুধু আছে একটি ‘রক্তবিন্দু’র ছবি। সেই রক্তবিন্দুর নীচে ভিক্ট্রি চিহ্ন আঁকা। তবে কি ওই চিহ্নেই ভোট দিতে বলা হচ্ছে? একটা বিজ্ঞাপন ঘিরে এরকম অনেক প্রশ্ন! বিষয়টা কি? কোন দলের প্রচার চলছে? পথচলতি মানুষের প্রশ্ন এটাই। কিন্তু ওই প্রচারে ভালো করে চোখ বোলালে বোঝা যাবে, আসলে ভোটপ্রচার এটা নয়। এটি হল ভোটের আবহে ‘রক্তদান’ এর প্রচার। ‘উত্তর কলকাতা উদয়ের পথে’ নামের একটি প্রতিষ্ঠান তা প্রচারের মাধ্যমে জানাচ্ছে।

Advertisement

রক্তবিন্দুতে ভোট দিলে জিতবে কে? ওই বিজ্ঞাপনেই লেখা রয়েছে সে কথা। জয় করুন নিজেকে। উত্তর কলকাতা উদয়ের পথে প্রতিষ্ঠানের কর্ম সমিতির সদস্য আশিস চট্টোপাধ্যায় বললেন, ‘আসলে এই গরমকালে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট চরমে পৌঁছয়। অসহায় মানুষ ব্লাডব্যাঙ্কে গিয়ে রক্ত পান না। এ সময় আমাদের মতো সাধারণ মানুষের উচিত এগিয়ে আসা। এই ভোটের সময় পথে-ঘাটে প্রচুর মানুষকে পাওয়া যায়। সেই কারণেই আমরা এরকম একটি বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি।’ 
এই যে রক্তবিন্দুতে ভোটদান, সেই ভোট প্রক্রিয়া হবে কবে? তার উল্লেখও রয়েছে বিজ্ঞাপনে। হেদুয়া পার্কে ৭ জুন রক্তদান শিবিরের আয়োজন করেছে উত্তর কলকাতা উদয়ের পথে।

Advertisement
সম্পর্কিত সংবাদ