


সংবাদদাতা, কল্যাণী: বাংলাদেশি ব্লগার মুফতি আবদুল্লাহ আল মাসুদকে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ছ’মাস ধরে তিনি গয়েশপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডে একটি বাড়ি ভাড়া নিয়ে ছিলেন। তাঁর দুই বাংলায় ব্লগার হিসেবে পরিচিতি রয়েছে। এছাড়াও তাঁর লেখা কিছু বই রয়েছে। কিন্তু সম্প্রতি তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। স্থানীয়দের দাবি, মাসুদ ঘরেই বেশিরভাগ সময় থাকতেন। শান্ত স্বভাবের মানুষ। সেভাবে কারও সঙ্গে মিশতেন না। মাঝে মাঝে বাংলাদেশ থেকে লোকজন আসত। স্থানীয়রা কয়েকদিন আগে বিষয়টি ফাঁড়িতে জানান। জানা গিয়েছে, মাসুদ কয়েকবছর আগে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারতে চলে আসেন। সেই থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভাড়া থাকা শুরু করেন তিনি। মাস ছয়েক আগে গয়েশপুরে বাড়ি ভাড়া নেন। যার বাড়ি ভাড়া নেওয়া হয় তিনি চাকদহের বাসিন্দা। তিনি ওই বাড়িতে থাকতেন না। লেখক সম্পর্কে তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মানুষকে বিজ্ঞানমনস্ক করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, ধর্মান্ধ জিহাদিদের ফতোয়ার শিকার হচ্ছে, জীবন বাঁচাতে দেশান্তরী হতে বাধ্য হয়েছে।’ যদিও পুলিশ জানিয়েছে, আবদুল্লাহর সঙ্গে কথা বলে সমস্ত বিষয় জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হচ্ছে।