


সংবাদদাতা, উলুবেড়িয়া: রাস্তা সংস্কার হয়েছে। কিন্তু একদিন যেতে না যেতেই পিচের আস্তরণ সরে গিয়ে বেরিয়ে পড়েছে স্টোনচিপ। সরকারি নিয়ম না মেনে সংস্কার করার ফলে রাস্তার এই হাল। এই অভিযোগ তুলে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে শ্যামপুর ২ নম্বর ব্লকের বাছরি গ্রাম পঞ্চায়েতের ওসমানপুরে। এই কাজের বিস্তারিত তথ্য গ্রামবাসীদের সামনে না আনা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, বাছরি গ্রাম পঞ্চায়েতের মোহনপুর থেকে ওসমানপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যান চলাচলের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত করতে ভয়ানক সমস্যা হচ্ছিল। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের দাবি জানাচ্ছিলেন গ্রামবাসীরা। অবশেষে জেলা পরিষদ এটি সংস্কারের উদ্যোগ নেয়। বৃহস্পতিবার শুরু হয় কাজ। রাস্তার উপর স্টোনচিপ ফেলে তার উপর পিচ ঢেলে রোলার চালানো হয়। অভিযোগ, এদিন সকালে গ্রামবাসীরা নতুন অংশে হাত দিতেই নখের সঙ্গে উঠে আসে স্টোনচিপ। এমনকি, পা দিয়ে ঘষতেই উঠে যায় পিচের আস্তরণ। বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। তাঁরা নিজেরাই রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন রাস্তা বেহাল থাকার পর অবশেষে সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে একদিনের মধ্যে পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে পড়ছে। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে আগামী দিনে কী হবে, তা বোঝাই যাচ্ছে। এ নিয়ে বাছরি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্যামসুন্দর মেটিয়া বলেন, বিষয়টি তাঁর জানা নেই, খোঁজ নেবেন। হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ জুলফিকার আলি মোল্লা বলেন, গ্রামবাসীদের বিষয়টি বুঝতে ভুল হয়েছে। সরকারি নিয়ম মেনেই রাস্তা সংস্কার হচ্ছে। স্টোনচিপের সঙ্গে বিটুমিন মিশিয়ে সংস্কার করা হচ্ছে। দু’-তিনমাস বাদে এর উপর পিচ ঢেলে নতুন করে রাস্তা তৈরি হবে।