নয়াদিল্লি: সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর আপাতত ভেনেজুয়েলা ‘চালানো’র বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সামরিক অভিযানের নিন্দায় সরব কলম্বিয়া সহ একাধিক দেশ। মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। এই পরিস্থিতিতে অনেকটা দেরিতে ও সাবধানী হয়ে মুখ খুলল নয়াদিল্লি। ‘বন্ধু’ ট্রাম্পকে না চটিয়ে এব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া জানাল ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। পুরো বিষয়টির উপর নজর রাখছে ভারত। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানানো হচ্ছে। যাতে ওই অঞ্চলের শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকে।’ বিবৃতিতে কোথাও সরাসরি ট্রাম্পের পদক্ষেপ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।



