Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের যুব সম্মেলন ঘিরে গোলমাল, সম্পাদক ও সভাপতি নির্বাচন শিকেয়

পুরুলিয়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনাতেও সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই’য়ের সম্মেলনে গোলযোগ।

দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের যুব সম্মেলন ঘিরে গোলমাল, সম্পাদক ও সভাপতি নির্বাচন শিকেয়
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরুলিয়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনাতেও সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই’য়ের সম্মেলনে গোলযোগ। গত সপ্তাহে বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলন হয়েছে। সম্মেলন শেষে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা যায়নি বলে খবর। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তদের উপস্থিতিতেও তা করা যায়নি। শেষে দু’দিনের সম্মেলন হওয়ার পর কনভেনর পদে আনা হয়েছে অপূর্ব প্রামাণিককে। এরকম কেন হল? 

Advertisement

এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনে কমিটি গঠন ঘিরে বিস্তর ঝঞ্ঝাট হয়েছিল। সে জট পার্টি কংগ্রেস শেষ হয়ে যাওয়ার পরও কাটেনি। সেই ঝঞ্ঝাটের ছায়া কি যুব সম্মেলনের উপরও এসে পড়ল? গত সপ্তাহের শনিবার শুরু হয়েছিল জেলা সম্মেলন। উপস্থিত ছিলেন যুব সম্পাদক ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য যুব সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব। সূত্রের খবর, বিদায়ী কমিটির তরফে প্রস্তাব এলে তার বিরোধিতা শুরু করে অন্য পক্ষ। শেষপর্যন্ত নতুন কমিটি গঠন করাই যায়নি। তারপর যুব নেতা অপূর্ব প্রামাণিককে জেলার কনভেনর পদে রাখা হয়। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন সভাপতি-সম্পাদক স্থির করা গেল না? এই একই সমস্যায় পড়তে হয়েছিল পুরুলিয়া জেলা সম্মেলনেও। সিপিএমের এক নেতার কথায়, ‘সংগঠনে কনভেনর করা নিয়মবিরুদ্ধ নয়। কিন্তু পার্টি সম্মেলনের সমস্যা এখনও কাটেনি। তার প্রভাব তো এখানে থাকবেই। তবে তেমন ঝামেলা হয়নি।’ গোষ্ঠীদ্বন্দ্বের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক রতন বাগচী। তিনি বলেন, ‘গোষ্ঠীদ্বন্দ্বের কোনও ব্যাপার নেই। যুব সংগঠনে বয়সের নানা সমস্যা থাকে। বয়সের জন্য অনেককেই বিদায় জানাতে হয়েছে। তাই কমিটি তৈরি করতে সময় লাগবে। সেই কারণেই কনভেনর করা হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ