Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পেমেন্ট অ্যাপগুলি থেকে চালু ‘ইউপিআই সার্কেল’ পরিষেবা

যে ব্যক্তি ভিম অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে অভ্যস্ত, তিনি তাঁর পরিচিত ব্যক্তিদেরও তাঁরই অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্টের সুযোগ করে দিতে পারেন।

পেমেন্ট অ্যাপগুলি থেকে চালু ‘ইউপিআই সার্কেল’ পরিষেবা
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে ব্যক্তি ভিম অ্যাপের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে অভ্যস্ত, তিনি তাঁর পরিচিত ব্যক্তিদেরও তাঁরই অ্যাকাউন্ট থেকে ইউপিআই পেমেন্টের সুযোগ করে দিতে পারেন। গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই)। তার নাম দেওয়া হয়েছিল ইউপিআই সার্কেল। ভিমের পাশাপাশি ইউপিআই পেমেন্টের সব অ্যাপেই এই সুবিধা চালু করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাংকের আওতাভুক্ত সংস্থা এনপিসিআই দাবি করেছে, একই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে একাধিক ব্যক্তির অনলাইন পেমেন্টের সুযোগ করে দেওয়ার যে সুবিধা চালু হয়েছে, তা ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। তার কারণ, পারিবারিক বা অন্যকোনো ক্ষেত্রে ছোটোখাটো পেমেন্ট নয়া পরিষেবায় অনেক সহজ। সংস্থাটি জানিয়েছে, কোনও ব্যক্তি যদি ভিমসহ অন্যান্য পেমেন্ট বা ইউপিআই অ্যাপ ব্যবহার করেন, তাহলে তিনি তাঁর পরিচিত কোনো ব্যক্তির মোবাইল নম্বরের সঙ্গে তাঁকে যুক্ত করতে পারেন। এর ফলে ওই দ্বিতীয় ব্যক্তি ইউপিআই গ্রাহকের অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন পেমেন্টের জন্য। যে পেমেন্টই হোক না কেন, তা স্বচ্ছভাবে দেখতে পারবেন ইউপিআই অ্যাপ ব্যবহারকারী মূল ব্যক্তি। এর ফলে কী কী সুবিধা হতে পারে? এনপিসিআই জানাচ্ছে, অনেক ক্ষেত্রেই বাড়ির বয়স্ক সদস্যরা অনলাইন ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে দ্বিধায় থাকেন বা প্রযুক্তিগত বিষয়ে ভয় পান। তাঁরা অনায়াসে পরিবারের কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নিজের মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। ছাত্রছাত্রীরা টিউশন ফি বা যেকোনো প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন বাবা, মা বা অন্যকোনো পরিচিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে, নিজের মোবাইল ফোনের মাধ্যমে। পেমেন্টের ঊর্ধ্বসীমা কত হবে, তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে অ্যাপ ব্যবহারকারী মূল ব্যক্তির হাতে। কোনো ছোটো ব্যবসায়ীও তাঁর কর্মীদের স্বাধীনতা দিতে পারেন কোনো আপৎকালীন বা জরুরি পেমেন্টের ব্যপারে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য। এনপিসিআই জানিয়েছে, অন্যকোনো ব্যক্তিকে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার টাকার সীমা বেঁধে দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াটি অত্যন্ত নিরাপদ, দাবি করেছে কেন্দ্রীয় পেমেন্ট সংস্থাটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ