নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: গ্রামের গণ্ডী পেরিয়ে চতুর্থ দফার পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের সুবিধা শহরেও। নতুন রাস্তা নির্মাণ, সংস্কারের জন্য এই বিশেষ প্রকল্পে এবার সুবিধা পেতে চলেছে উত্তর দিনাজপুর জেলার চার পুর এলাকা। পথশ্রীর মাধ্যমে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর পুর এলাকায় তৈরি হতে চলেছে মোট ২৬৪ টি রাস্তা। যার সর্বমোট দৈর্ঘ্য প্রায় ৬২ কিমি। ফলে উচ্ছ্বসিত পুর কর্তৃপক্ষ সহ শহরের বাসিন্দারা। পুর কর্তৃপক্ষগুলির বক্তব্য, রাজ্য সরকারের এই উদ্যোগে আরও বেশি সংখ্যায় রাস্তা নির্মাণ ও সংস্কার হবে।
উত্তর দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর পুর এলাকায় পথশ্রী প্রকল্পের জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ২৪ কোটির বেশি। পুর এলাকাগুলিতে কত পরিমাণ রাস্তা তৈরির প্রয়োজন রয়েছে, ইতিমধ্যে তা মানুষের আবেদনের ভিত্তিতে সমীক্ষা করা হয়েছে। তার থেকে বাছাই করা হয়েছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা ও ইসলামপুর পুর এলাকার মোট ২৬৪ টি রাস্তা। যেগুলির কাজ দ্রুত শুরু হতে চলেছে। জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনার বক্তব্য, গত তিনটি পর্যায়ে পথশ্রী প্রকল্পে শুধুমাত্র গ্রামাঞ্চলে রাস্তার কাজ হচ্ছিল। প্রকল্পটির সাফল্যের নিরিখে এবার শহরে এই প্রকল্পের সুবিধা দিতে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তার ভিত্তিতেই জেলার চার পুর এলাকায় ২৬৪ টি রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে।
জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, রায়গঞ্জ পুর এলাকায় সবথেকে বেশি রাস্তা তৈরি হবে। রায়গঞ্জ পুর এলাকায় ৯.৩ কোটি টাকা ব্যয়ে ১৩৭ টি রাস্তা হবে। যার সর্বমোট দৈর্ঘ্য ৩১.৩ কিমি। কালিয়াগঞ্জ পুর এলাকায় ৪২ টি রাস্তা তৈরি হবে ৬.৩ কোটি টাকা খরচ করে। যার মোট দৈর্ঘ্য ১০.৬ কিমি। আবার ইসলামপুর পুর এলাকায় ৪১ টি রাস্তার জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৫.১৭ কোটি টাকা। মোট ১৬.২০ কিমি রাস্তা তৈরি হবে এই পুর এলাকায়। অন্যদিকে, ডালখোলা পুর এলাকায় সর্বমোট ৭.৯ কিমি রাস্তা তৈরি হবে। যার জন্য ব্যয় হবে ৪.৯ কোটি টাকা। মোট ৪৪ টি রাস্তা তৈরি হবে এই পুর এলাকায়।
এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, এবার শহরের জন্য পথশ্রী শুরু হল। আশা করা হচ্ছে, ভোটের আগেই এই কাজ সম্পূর্ণ করা হবে।