Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় গাড়ির ধাক্কা বাইকে, ছিটকে পড়ে মৃত্যু দুই নাবালকের

আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের পর বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল দুই কিশোর। কিন্তু তা করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ি বাইকে সজোরে ধাক্কা দেওয়ায় মৃত্যু হল তাদের।

উলুবেড়িয়ায় গাড়ির ধাক্কা বাইকে, ছিটকে পড়ে মৃত্যু দুই নাবালকের
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানের পর বাইকে চেপে ঘুরতে বেরিয়েছিল দুই কিশোর। কিন্তু তা করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি চারচাকা গাড়ি বাইকে সজোরে ধাক্কা দেওয়ায় মৃত্যু হল তাদের। শুক্রবার রাতে, উলুবেড়িয়া আমতা রোডে রাজাপুর থানার করাতবেড়িয়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোর হল রাজাপুর থানার করাতবেড়িয়া শিবতলার বাসিন্দা দুধকুমার মালিক (১৬) এবং রাজাপুর থানারই কাঁটাবেড়িয়া কমলাচক রায়পাড়ার বাসিন্দা তুষার রায় (১৬)। তারা সম্পর্কে মামাতো ও পিসতুতো ভাই। জানা গিয়েছে, দু’ ভাইই উলুবেড়িয়া ২ নম্বর ব্লকে একটি পরচুলা তৈরির কারখানায় কাজ করত। রাজাপুর থানার পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মামার বাড়ির তরফের এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে শুক্রবার পরিবারের লোকজনের সঙ্গে কাঁটাবেড়িয়ায় এসেছিল দুধকুমার। সারাদিন ওই অনুষ্ঠান বাড়িতে থাকার পর বিকেলে পরিবারের লোকজন বাড়ি ফিরে গেলেও দুধকুমার সেখানে থেকে যায়। এরপরই সে ও তুষার রাতে বেড়াতে বের হওয়ার পরিকল্পনা করে। সেই মতো রাতে পাড়ার একজনের বাইক নিয়ে দুধকুমার এবং তুষার বেড়াতে বেরিয়েছিল। তবে তাদের মাথায় হেলমেট ছিল না। রাতে দুই কিশোর দ্রুতগতিতে বাইকে চেপে উলুবেড়িয়ার দিকে আসছিল। তখন করাতবেড়িয়ার কাছে আমতা অভিমুখে যাওয়া একটি চারচাকার গাড়ি তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনায় দু’জনেই রাস্তায় ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাঁরা রাস্তায় পড়ে থাকে। পরে খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় দুই কিশোরকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
রাজাপুর থানার পুলিশ ঘাতক চালক ও গাড়িটির সন্ধান চালাচ্ছে। এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত বাড়লেই উলুবেড়িয়া আমতা রাস্তা দিয়ে দ্রুতগতিতে পণ্যবাহী যানবাহন চলাচল করে। তার ফলে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে, যেরকম শুক্রবার রাতে ঘটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ