


ওয়াশিংটন: মার্কিন নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ভিনদেশিদের নিয়োগে ‘নিষেধাজ্ঞা’ জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এব্যাপারে গুগল, মাইক্রোসফ্টের মতো টেক জায়ান্টদের কড়া বার্তা দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, এবার থেকে ভারতের মতো দেশের বদলে মার্কিন মুলুক থেকেই কর্মী নিয়োগে জোর দিতে হবে। বুধবার ওয়াশিংটনে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (এআই সামিট) যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে প্রযুক্তি শিল্পে ‘আন্তর্জাতিকতাবাদী মানসিকতা’র কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর মতে, একাধিক প্রযুক্তি সংস্থা আমেরিকায় প্রাপ্ত স্বাধীনতার সুবিধা নিয়ে দেশের বাইরে বিপুল বিনিয়োগ করছেন। কিন্তু, তাঁর আমলে এমনটা চলবে না। ট্রাম্পের কথায়, আমাদের দেশের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলি আমেরিকাবাসীদের কষ্টার্জিত স্বাধীনতা ভোগ করছে। আর সেই সুবিধাকে কাজে লাগিয়ে তারা চীনে গিয়ে কারখানা বানাচ্ছে। ভারত থেকে লোক নিয়োগ করছে। আর আয়ারল্যান্ডে মুনাফা লুটছে। এর ফলে সাধারণ আমেরিকাবাসীর কাজের অধিকারকে খর্ব করছে তারা। এটা সকলেই বুঝতে পারছে। কিন্তু, ট্রাম্প সরকারের আমলে এসব চলবে না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বর্তমানে এআই যুদ্ধ জিততে হলে সিলিকন ভ্যালি ও তার বাইরেও জাতীয়তাবাদ এবং দেশাত্মবোধে বিশেষ জোর দিতে হবে। এরপরই সংস্থাগুলিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, আমরা চাই মার্কিন প্রযুক্তি সংস্থাগুলি সবটাই আমেরিকাতেই করুক। অর্থাৎ আমেরিকাতেই কারখানা তৈরি করে এখান থেকে কর্মী নিয়োগ করা হোক। আমেরিকাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই হবে। আমেরিকা ফার্স্ট। সব সংস্থাই সেটা মানতে বাধ্য।
এই সম্মেলনে এআই নিয়ে নতুন এক সরকারি নির্দেশিকায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, কুত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এবার জাতীয় স্তরে নয়া রূপরেখা তৈরি হবে। একাজে বিভিন্ন সংস্থাকে সরকারি কোষাগার থেকে আর্থিক সাহায্যও করবে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্টের শর্ত, নয়া এআই টুলসগুলিকে ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ হতে হবে।