ওয়াশিংটন: রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আগেও চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফল হননি। এবার বুদাপেস্টেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আর এক দফা বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষমুহূর্তে বৈঠক নিয়ে বেঁকে বসলেন ট্রাম্প। জানালেন, ‘সময় নষ্ট করতে চাই না।’ ট্রাম্পের এই ঘোষণায় রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ আপাতত ঠান্ডা ঘরে চলে গেল। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প দু’সপ্তাহের মধ্যে পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন। পুতিনের দাবি মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কিকে ডনবাসের পূর্ব অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য ট্রাম্প চাপ দিয়েছেন বলে খবর। এরপরেও তাদের আরও সমস্ত দাবি যাতে ইউক্রেন মেনে নেয়, তার জন্য ট্রাম্পের কাছে দরবার করতে থাকে ক্রেমলিন। সূত্রের খবর, সেটা সম্ভব নয় বুঝতে পেরে বৈঠক থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন ট্রাম্প।
বুদাপেস্ট বৈঠক বাতিল হতেই নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল রাশিয়া। সূত্রের খবর, পরমাণু অস্ত্র নিয়ে মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন। পরমাণু ইকো সিস্টেমের সঙ্গে যুক্ত সকল ফেসিলিটিগুলির কার্যক্ষমতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানে আলাস্কায় প্রথমবার পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে সেই বৈঠক নিষ্ফলা থাকে। বারবার একাধিক যুদ্ধ থামানোর দাবি করে আসছেন ট্রাম্প। এই অবস্থায় বুদাপেস্ট বৈঠকেও আলাস্কার পুনরাবৃত্তি ঘটলে ট্রাম্পের ভাবমূর্তিতে ব্যর্থতার দাগ লাগতে পারে। তাই এবার আর ট্রাম্প বৈঠকের পথে হাঁটতে চাইছেন না বলে ওয়াকিবলহাল মহলের খবর। তবে এই বৈঠক বাতিলের জন্য রাশিয়াকেই দুষেছেন এক ইউরোপীয় রাজনীতিক। তিনি বলেন, ‘আমার অনুমান, রাশিয়া অনেক বেশি কিছু দাবি করে ফেলেছে। সেই দাবি পূর্ণ করা যাবে না বুঝতে পেরেই বৈঠক বাতিল হল।’