


ওয়াশিংটন: দীপাবলিতে সুখবর। স্বস্তিতে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের একটা বড় অংশ। সেপ্টেম্বরে এইচ-১বি ভিসার জন্য এক লক্ষ ডলার ফি ধার্যের ঘোষণা করে আমেরিকা। আর এই ঘোষণা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এই ফি কাদের জন্য প্রযোজ্য হবে না, এ বিষয়ে সোমবার ব্যাখ্যা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছে, যাঁরা পড়ুয়া বা কর্মী হিসেবে বৈধ ভিসা নিয়ে মার্কিন মুলুকে রয়েছেন, তাঁদের এই বিপুল পরিমাণ ভিসা ফি দিতে হবে না।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এফ ১ স্টুডেন্ট ভিসা বা এল ১ ভিসা প্রাপকরা এইচ ১বি ভিসার আবেদন জানালে অর্থাৎ ভিসার ক্যাটিগরি পরিবর্তন করতে চাইলে কোনও ফি দিতে হবে না। আমেরিকায় বসবাসের মেয়াদ বাড়াতে চাইলেও বাড়তি ফি দিতে হবে না। এইচ১ বি ভিসা পুনর্নবীকরণেও এই ফি প্রযোজ্য নয়। এই ভিসা গ্রাহকদের আমেরিকার বাইরে যাওয়া ও ফেরত আসার ক্ষেত্রেও সেপ্টেম্বরের ঘোষণার কোনও প্রভাব পড়বে না। স্বভাবতই ভারতীয় ছাত্র ও প্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদের জন্য এটি বড়সড় স্বস্তির খবর। মার্কিন প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র ২০২৫ সালের ২১ সেপ্টেম্বরের পর যাঁরা এইচ ১বি ভিসার আবেদন করেছেন, তাঁদের দিতে হবে এক লক্ষ ডলার। এর পাশাপাশি কনস্যুলার বিজ্ঞপ্তি, পোর্ট অফ এন্ট্রি বা প্রি-ফ্লাইট ইন্সপেকশনের ক্ষেত্রেও দিতে হবে মোটা অঙ্কের অর্থ।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে অ-অভিবাসীদের মার্কিন মুলুকে গিয়ে কাজ করার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ওই নির্দেশে বলা হয়েছিল, এইচ-১বি ভিসার জন্য এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিতে হবে। এর জেরে চাপে পড়ে আমেরিকার সংস্থাগুলি। সেদেশের টেক কোম্পানিতে কর্মরত ভারতীয় পেশাদারদের পাশাপাশি অন্যান্য দেশের বাসিন্দাদেরও মাথায় হাত পড়েছিল। শেষমেশ মিলল স্বস্তির খবর।