নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিদিনই সুর চড়াচ্ছে তৃণমূল। আবাস, রাস্তা সহ একাধিক প্রকল্পের টাকা বাংলাকে কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ। বাড়ি বাড়ি পানীয় জলের প্রকল্পেও কেন্দ্র বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। প্রাপ্য অর্থ দিচ্ছে না। এই অবস্থায় উন্নয়ন ত্বরান্বিত করতে তৃণমূল জনপ্রতিনিধিদের কী করতে হবে, দলের তরফে সেই নির্দেশ দেওয়া হল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তৃণমূলের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিরা সেই বৈঠকে হাজির ছিলেন। সেখানে সুব্রতবাবুর নির্দেশ, পানীয় জলের কাজে এবার এলাকা উন্নয়ন তহবিল থেকে টাকা বরাদ্দ করতে হবে তৃণমূল জনপ্রতিনিধিদের। সাংসদ তহবিল ও বিধায়ক তহবিল থেকেই তা করতে হবে। সাংসদরা তাঁদের উন্নয়ন তহবিল থেকে ১ কোটি টাকা, বিধায়করা উন্নয়ন তহবিল থেকে ১০ লক্ষ এবং জেলা পরিষদ তার বাজেটের ৫ শতাংশ টাকা খরচ করবে পানীয় জলের কাজে। কেন্দ্রীয় বঞ্চনা চললেও সর্বস্তরের জনপ্রতিনিধিদের সহযোগিতাতেই উন্নয়ন অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়েছে সেই নির্দেশকায়।



