সংবাদদাতা, উলুবেড়িয়া: বিরোধী দল থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল। ১৭ সদস্যের পঞ্চায়েতে এখন তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৪। যার জেরে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তেহট্ট কাঁটাবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতে এল ঘাসফুলের দখলে।
বৃহস্পতিবার প্রায় ১২০০ বিজেপি, কংগ্রেস এবং আইএসএফ নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। বিকেলে আমতা চৌরাস্তায় তৃণমূল ভবনে দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। বিধায়ক বলেন, কয়েকজন তৃণমূল কর্মীর দুর্ব্যবহারে কিছু তৃণমূল কর্মী অন্য দলে যোগ দিয়েছিলেন। সেই কারণে এই গ্রাম পঞ্চায়েত কংগ্রেস আইএসএফ জোট দখল করেছিল। যদিও ওই গ্রাম পঞ্চায়েতের ৪ জন আইএসএফ, ১ জন কংগ্রেস এবং ২ জন নির্দল সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় বর্তমানে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল। বিধায়ক বলেন, বৃহস্পতিবার এইসব নেতাদের সঙ্গে কর্মীরাও তৃণমূলে যোগ দিলেন। সংখ্যাটা প্রায় এগারোশো। বিধানসভা নির্বাচনের আগে ১৪টি অঞ্চল থেকে এইরকম বিরোধী রাজনৈতিক দলের আরও অনেক নেতা কর্মী তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন বিধায়ক নির্মল মাজি।
প্রসঙ্গত, তেহট্ট কাঁটাবেড়িয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৭টি আসন। আইএসএফ ৬টি, কংগ্রেস ২টি এবং নির্দল ২টি আসন পেয়েছিল। আর এবার আইএসএফের ৪ কংগ্রেসের ১ এবং ২ জন নির্দল সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪।