Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিভিন্ন কৌশলে নাম বাদ দিতে চাইছে কমিশন, দাবি তৃণমূলের

বিভিন্ন কৌশলে ভোটারদের নাম বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন। সেই কারণে নিত্যনতুন নিয়ম করছে। এমনই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের।

বিভিন্ন কৌশলে নাম বাদ দিতে চাইছে কমিশন, দাবি তৃণমূলের
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিভিন্ন কৌশলে ভোটারদের নাম বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন। সেই কারণে নিত্যনতুন নিয়ম করছে। এমনই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সম্প্রতি কমিশন নির্দেশ দিয়েছে, বাবা-মায়ের বয়সের সঙ্গে ছেলেমেয়ের বয়সের পার্থক্য ১৮ বছরের কম হলে তাঁদের আলাদা ভাবে চিহ্নিত করতে হবে। আবার যেসব ভোটারের বাবা-মায়ের সঙ্গে বয়সের পার্থক্য ৪৫ বছরের বেশি, তাঁদেরও চিহ্নিত করতে হবে। বিএলওদের দাবি, নির্বাচন কমিশন কী করতে চাইছে, তা স্পষ্ট নয়। তবে শাসক দলের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ছক তৈরি হচ্ছে। আগেকার দিনে অল্পবয়সে বিয়ে ও সন্তান হওয়ার ঘটনা আকছাড় ঘটত। সেই কারণেই ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে না দেওয়ার ব্যাপারে আইন করা হয়েছে। তাই অনেক ভোটারের বাবা-মায়ের সঙ্গে বয়সের পার্থক্য ১৮ বছরের কম হতেই পারে।

Advertisement

এক বিএলও বলেন, প্রতিদিনই নতুন নতুন নির্দেশ আসছে। ফরম্যাট বদল হয়ে যাচ্ছে। যেসমস্ত ভোটারের বয়স ৫০ বছর, তাঁদেরও আলাদাভাবে চিহ্নিত করার জন্য বলা হয়েছে। অর্থাৎ, যাঁদের জন্ম তারিখ ১৯৭৫ সালের ১জানুয়ারির আগে, তাঁদের নাম ফর্মে উল্লেখ করতে হবে। যেসব ভোটারের বয়স ৮৫ বছর পেরিয়ে গিয়েছে, তাঁদের বাড়িতে ফের বিএলওদের যেতে বলা হয়েছে। মৃত ভোটারদের নাম যাতে তালিকায় না ওঠে, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, বাবা-মায়ের সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্যের বিষয়টি কেন করতে বলা হয়েছে, তা অনেকেরই বোধগম্য হচ্ছে না। 
কমিশন সূত্রে জানা গিয়েছে, বিএলওদের কাছে লিখিত ‘মুচলেকা’ নেওয়া হচ্ছে। তাতে বিএলওদের বলতে হবে, ‘আমি উল্লেখিত বাড়িতে তিনবার গিয়েছি। এক্ষেত্রে কোনও বাড়ি আমি পাইনি, যেখানে এই নির্বাচকরা থাকেন। বাড়িতে তাঁদের পাওয়া যায়নি। বুথ লেভেল এজেন্টদেরও ওই ভোটারদের খুঁজে দেওয়ার জন্য সহযোগিতা করতে বলা হয়। কিন্তু তাঁরাও খুঁজে পাননি। এলাকার বাসিন্দাদেরও অনুরোধ করা হয়েছিল। তাঁরাও খুঁজে পাননি। বিএলএদের উপস্থিতিতেই মৃত এবং স্থানান্তরিত ভোটারদের চিহ্নিত করা হয়েছে।’ কমিশন সূত্রে জানা গিয়েছে, কয়েক দিনের মধ্যে খসড়া তালিকা প্রকাশ হবে। তা দেখেও আপত্তি জানানো যাবে। তবে, কমিশনের নয়া বেশকিছু ফরমান নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, অনেক ভোটারের বয়স তাঁর বাবা-মায়ের থেকে ১৮ বছরের কম। তাহলে কমিশন কি তাঁদের বাদ দিতে চাইছে? এসব করতে হলে তো তাঁদের বহু বছর আগে থেকে সামাজিক সচেতনতায় নামতে হত। আসলে কমিশন যেকোনও প্রকারে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চাইছে। তবে, কোনও বৈধ ভোটারের নাম বাদ দিলে আন্দোলন হবে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরাও আন্দোলন করব। তৃণমূল কেন অকারণে ভয় পাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ