Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ বছর পর বিচারভবনে শুরু গোর্খা  লিগ নেতা তামাং হত্যা মামলার বিচার

১৫ বছর পর অবশেষে প্রাক্তন গোর্খা লিগ সভাপতি মদন তামাং হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হল। কলকাতার নগর দায়রা আদালতের (বিচারভবন) মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে শুরু হয় এই মূল মামলার শুনানি।

১৫ বছর পর বিচারভবনে শুরু গোর্খা  লিগ নেতা তামাং হত্যা মামলার বিচার
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছর পর অবশেষে প্রাক্তন গোর্খা লিগ সভাপতি মদন তামাং হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু হল। কলকাতার নগর দায়রা আদালতের (বিচারভবন) মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে শুরু হয় এই মূল মামলার শুনানি। মঙ্গলবার আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলায় প্রথম সাক্ষ্য দেন নিহত গোর্খা লিগ নেতার সম্পর্কিত ভাই অমর লামা। তাঁর সাক্ষ্য শেষ হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয় আগামী ৩১ অক্টোবর। এই খুনের মামলায় আদালতে হাজির ছিলেন জামিনে থাকা অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং, রোশন গিরি-সহ চার অভিযুক্ত। বাকি পহাড়ে থাকা ৪৪ জন অভিযুক্ত ভার্চুয়ালে শুনানিতে অংশ নেন।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালের মে মাসে পাহাড়ে এক রাজনৈতিক সভা করতে গিয়ে খুন হন মদন তামাং। এই মামলার তদন্তে নেমে পুলিস নিকল তামাং নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে সে পুলিস হেফাজত থেকে চম্পট দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় শোরগোল। তদন্তভার নেয় সিবিআই। তদন্ত শেষ করে বিমল গুরুং, রোশন গিরি, বিনয় তামাং-সহ মোট ৪৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে তারা। পরবর্তীকালে কলকাতা নগর দায়রা আদালতে বিমল গুরুংয়ের তরফে এই মামলার চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়ার আর্জি জানানো হয়। মঞ্জুরও হয় সেই আর্জি। এরপরই ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং। 
দীর্ঘ শুনানি শেষে উচ্চ আদালত এই মামলায় গুরুংকে অভিযুক্ত করার নির্দেশ দেয়। এরপরই তাতে সিলমোহর দেয় কলকাতার নগর দায়রা আদালতও। এই মামলায় আগেই চার্জ গঠন করা হয়েছিল। অবশেষে শুরু হল মামলার সাক্ষ্যদানপর্ব। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই মামলা একসময় পাহাড়ের সংশ্লিষ্ট আদালতেই চলছিল। পরে মৃত নেতার স্ত্রীর অভিযোগ ছিল, এই মামলার শুনানি পাহাড়ে নিরাপদ নয়। এরপরই আদালতের নির্দেশে মামলাটি স্থানান্তরিত হয় কলকাতায়। এদিকে, এই মামলায় অভিযুক্তরা আদালতে দাবি করেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
                                                                                                  

Advertisement
সম্পর্কিত সংবাদ