উত্তর সিকিমের লাচেন ও লাচুংয়ে আটকে পড়া দেড় হাজার পর্যটককে এখনও গ্যাংটকে ফেরানো সম্ভব হয়নি। আজ, রবিবার দুপুরে মঙ্গনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার কর্ম দর্জি জানান, চুংথাং থেকে লাচেনের রাস্তা পুরোপুরি বন্ধ। ওই পথে ধসের জেরে রাবম সেতু ভেঙে পড়ে গিয়েছে। ফলে ওই রাস্তা ঠিক হতে সময় লাগবে। চুংথাং লাচুংয়ের রাস্তাতেও একাধিক জায়গায় ধস রয়েছে। ওই ধস সরিয়ে রাস্তা খোলার চেষ্টা চলছে। তবে বৃষ্টিতে কাজ ব্যাহত হচ্ছে। নতুন করে যদি পরিস্থিতি খারাপ না হয়, তাহলে আগামী কাল, সোমবারের মধ্যে লাচুংয়ের রাস্তা খুলে দেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। লাচুংয়ে ১৩০০ র বেশি পর্যটক আটকে আছেন। লাচেনে আটকে আছেন ১১৫ জন। এদের সিংহভাগই বাংলার বলে জানা গিয়েছে।



