Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঈদের ছুটিতে পর্যটকের উপচে পড়া ভিড় নিউ দীঘায়, চৈতন্যদ্বার নির্মাণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণে ওল্ড দীঘায় যেতে সমস্যা

সোমবার ঈদ উপলক্ষ্যে ছুটিতে দীঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ল। তবে ভিড়টা বেশি নিউ দীঘায়। তুলনামূলকভাবে ফাঁকা ওল্ড দীঘা।

ঈদের ছুটিতে পর্যটকের উপচে পড়া ভিড় নিউ দীঘায়, চৈতন্যদ্বার নির্মাণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণে ওল্ড দীঘায় যেতে সমস্যা
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: সোমবার ঈদ উপলক্ষ্যে ছুটিতে দীঘায় পর্যটকদের ভিড় উপচে পড়ল। তবে ভিড়টা বেশি নিউ দীঘায়। তুলনামূলকভাবে ফাঁকা ওল্ড দীঘা। কারণ জগন্নাথধামের সামনে চৈতন্যদ্বার নির্মাণের জন্য দীঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে গত ২৪ মার্চ থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তাই ওল্ড দীঘায় যানবাহন বিশেষ করে বাস ঢুকতে পারছে না। সমস্ত বাস বাইপাস রাস্তা দিয়ে যাতায়াত করছে। আর এতেই ভোগান্তি বেড়েছে পর্যটকদের। সহজে ওল্ড দীঘায় পৌঁছতে পারছেন না তাঁরা। এদিকে ঈদ উপলক্ষ্যে সোমবার ও মঙ্গলবার রাজ্য সরকারের ছুটি রয়েছে। তাই মঙ্গলবারও একইভাবে ভিড় থাকবে বলে আশা করছেন হোটেল-লজ ব্যবসায়ীরা। সপ্তাহান্তে শনিবার ও রবিবার নিউ দীঘায় পর্যটকের ভালোই ভিড় ছিল। প্রতিবছরই ঈদের সময় দীঘায় পর্যটকের ভিড় থাকে। তবে এবার ভিন্ন ছবি। নিউ দীঘায় যত হোটেল-লজ রয়েছে, তার রুম প্রায় ভর্তি। তবে ওল্ড দীঘায় হোটেল-লজগুলি কার্যত ফাঁকাই পড়ে রয়েছে। খুব কম সংখ্যক পর্যটকই ওল্ড দীঘায় থাকছেন। যাতায়াতের সমস্যার জন্য অনেকে অগ্রিম বুকিং করেও বাতিল করে দিয়েছেন বলে দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, কোনওরকম আলোচনা না করেই ১১৬বি জাতীয় সড়কে যানচলাচল নিয়ন্ত্রণ করেছে প্রশাসন। এর ফলে ওল্ড দীঘায় কোনও গাড়ি ঢুকতে পারছে না। আর পর্যটকরা এখান থেকে নিউ দীঘার দিকে যেতে পারছেন না। ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কায় পর্যটকদের অনেকেই ওল্ড দীঘা এড়িয়ে যাচ্ছেন। ওল্ড দীঘাকে সচল রাখার জন্য আমরা প্রশাসনের কাছে বিকল্প কিছু প্রস্তাব দিয়েছি। এদিকে এই পরিস্থিতিতে শনিবার হোটেল-লজ মালিক ও পরিবহণ সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠক করে দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থা(ডিএসডিএ)। সিদ্ধান্ত হয়, ওল্ড দীঘায় পেট্রল পাম্প পর্যন্ত বাস আসবে। সেখানে যাত্রী ছেড়ে দিয়ে আবার বাইপাস রাস্তা ধরে নিউ দীঘা যাবে। নেহরু মার্কেটের পশ্চিমদিকে ফাঁকা জায়গা থেকে গাড়ি ঘুরে যাবে। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ডিএসডিএ’র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস বলেন, আগামী ৩০এপ্রিল জগন্নাথধাম উদ্বোধন। তার অঙ্গ হিসেবে চৈতন্যদ্বার নির্মাণের কাজ চলছে। তাই যানচলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে পর্যটকদের যাতায়াতের বিকল্প ব্যবস্থা করা হয়েছে। যেখানে সমস্যা হচ্ছে, আমরা আলোচনার মধ্য দিয়ে সমাধান করছি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ