Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ট্রোলারদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ টলিউড

নতুন বছরের দ্বিতীয় দিনেই কলকাতা পুলিশের নগরপালের দ্বারস্থ টলিউড। ফিল্ম স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে পরিচালক, কলাকুশলী, ফেডারেশন, ইম্পা, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীদের একটি টিম কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার কাছে স্মারকলিপি জমা দেন।

ট্রোলারদের বিরুদ্ধে  পুলিশের দ্বারস্থ টলিউড
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন বছরের দ্বিতীয় দিনেই কলকাতা পুলিশের নগরপালের দ্বারস্থ টলিউড। ফিল্ম স্ক্রিনিং কমিটির পক্ষ থেকে পরিচালক, কলাকুশলী, ফেডারেশন, ইম্পা, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীদের একটি টিম কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার কাছে স্মারকলিপি জমা দেন। শুক্রবার লালবাজারে ফিল্ম স্ক্রিনিং কমিটির এই বিশেষ টিমে ছিলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত সহ আরও অনেকে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ কমেন্ট, ট্রোল উত্তরোত্তর বাড়ছে। এক্ষেত্রে অনেক সময়ে ‘সফট টার্গেট’ হন টলিউড তারকারা। অনেক ক্ষেত্রে অত্যন্ত আপত্তিজনক কুমন্তব্যের শিকার হন অভিনেতা অভিনেত্রীরা। বাদ যায় না তাঁদের পরিবার এবং শিশু সন্তানেরাও। এই অন্যায়ের বিরুদ্ধে এখন একজোট টলিউড। এই সমস্যা সমাধানের উদ্দেশ্যেই নগরপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন টলিউডের স্ক্রিনিং কমিটির সদস্যরা। এরপর থেকে সামাজিক মাধ্যমে এই ধরনের ঘটনা যা সাইবার ক্রাইমের আওতাধীন তাতে সরাসরি হস্তক্ষেপ করবে কলকাতা পুলিশ। এ বিষয়ে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব তথা সমগ্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে সমস্ত ইনফ্লুয়েন্সর আছেন তাঁদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা যা ন্যায্য সেটাই প্রকাশ করুন। অযথা কাউকে ট্রোল করবেন না। কারও পরিবারের বিরুদ্ধে কুমন্তব্য করবেন না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ