নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারুণ্যের জয়গানে সুপার কাপে দুর্দান্ত শুরু মোহন বাগানের। পূর্ণ শক্তির কেরল ব্লাস্টার্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিলেন সুহেল ভাটরা। তবে বুধবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে সেমি-ফাইনালে লড়াই সহজ নয়। কারণ, প্রতিপক্ষ শক্তিশালী এফসি গোয়া! দ্বিতীয় স্থানে আইএসএল শেষ করা মানোলো মার্কুয়েজ-ব্রিগেড পাঁচ বিদেশি নিয়ে সুপার কাপে নেমেছে। মোহন বাগানের তরুণ ব্রিগেড কি পারবে এই কঠিন গাঁট টপকাতে? উত্তরটা লুকিয়ে সময়ের গর্ভেই। তবে সাহাল-সালাউদ্দিনরা যে নির্ভীক ফুটবল খেলেবেন তাতে কোনও সন্দেহ নেই। আসলে আইএসএল শিল্ড-কাপ জয়ী মোহন বাগানের হারানোর কিছু নেই। তরুণ-ব্রিগেডকে সেই বার্তাই দিয়েছেন কোচ বাস্তব রায়।
যতই জুনিয়র দল হোক, মোহন বাগানকে কিন্তু সমীহই করছেন গোয়ার কোচ মানোলো মার্কুয়েজ। তিনি আবার ভারতের জাতীয় দলের হেডমাস্টার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এসে তাঁর মন্তব্য, ‘প্রতিপক্ষকে হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। কেরলের বিরুদ্ধে দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে তরুণরা! সাহাল-আশিকের দক্ষতা আমার অজানা নয়। কিন্তু আমায় মুগ্ধ করেছে সালাউদ্দিন ও দীপ্যেন্দু।’ একটু থেমে মানোলোর সংযোজন, ‘পূর্ণশক্তির দল নিয়েও আমরা পাঞ্জাবের বিরুদ্ধে হারতে বসেছিলাম। সেখানে কেরলের বিরুদ্ধে মোহন বাগানের তরুণরা দাপট দেখিয়েছে।’
মানোলো ভুল কিছু বলেননি। আলাদা করে উল্লেখ করতে হবে সাহাল ও আশিকের কথাও। চোটের কারণে আইএসএলে সেভাবে গেম টাইম পাননি এই দুই কেরালাইট। কিন্তু সুপার কাপে দু’জনের যুগলবন্দি কাঁপিয়ে দেয় কেরলের রক্ষণ। আসলে মাঠের বাইরেও তাঁরা খুব ভালো বন্ধু। সেই রসায়ন ফুটে ওঠে সবুজ গালিচাতেও। এছাড়া সুপার কাপে মোহন বাগানের বড় প্রাপ্তি সালাউদ্দিন। ওয়ান-টু-ওয়ান সিচুয়েশনে প্রতিপক্ষ ডিফেন্ডারের চ্যালেঞ্জ নিতে ভয় পান না এই রাইট উইঙ্গার। স্ট্রাইকার সুহেল ভাটও বক্সের মধ্যে বিপজ্জনক। তবে বুধবার মোহন বাগানের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে মাঝমাঠে দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশীর উপর। কারণ, এফসি গোয়ার প্রধান অস্ত্র পাসিং ফুটবল। পাসের ফুলঝুরিতে বিপক্ষ শিবিরকে ছিন্নভিন্ন করতে ওস্তাদ বোরহা হেরেরা, কার্ল ম্যাকহাগরা। কোয়ার্টার-ফাইনালেও শেষ মুহূর্তে বোরহার গোল অক্সিজেন জুগিয়েছিল গোয়াকে। তাই মানোলো-ব্রিগেডের অভিজ্ঞ মাঝমাঠকে বেসামাল করার দায়িত্ব থাকবে টাংরি ও অভিষেকের উপর। রক্ষণে একমাত্র বিদেশি নুনো রেইজের সঙ্গে দীপ্যেন্দু বিশ্বাসের জুটিও বেশ জমাট দেখাচ্ছে।
মোহন বাগান কোচ বাস্তব রায় অবশ্য আশাবাদী। সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, ‘গত ম্যাচে ছেলেরা দারুণ পারফরম্যান্স মেলে ধরে। সেই ছন্দ বজায় রাখতে প্রত্যেকে তৈরি। ওদের বলেছি, চাপ না নিয়ে সেরাটা মেলে ধরতে।’ কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন আশিক। কেরালাইটের মন্তব্য, ‘মোহন বাগান জার্সিতে নামলে জয় ছাড়া কিছুই ভাবি না। এটাই আমাদের মানসিকতা।’
খেলা শুরু বিকেল ৪-৩০ মিনিটে।
সম্প্রচার জিওহটস্টার ও স্টার স্পোর্টসে।