Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজ্যে সময়োপযোগী নয়া শিল্পনীতি শীঘ্রই: মুখ্যমন্ত্রী

খুব শীঘ্রই রাজ্যে সময়োপযোগী শিল্প সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করা হবে। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় একথা জানিয়েছেন।

রাজ্যে সময়োপযোগী নয়া  শিল্পনীতি শীঘ্রই: মুখ্যমন্ত্রী
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুব শীঘ্রই রাজ্যে সময়োপযোগী শিল্প সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করা হবে। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় একথা জানিয়েছেন। শিল্প সংক্রান্ত বিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে। শিল্প সংশ্লিষ্ট বিষয়ে যুক্ত ব্যক্তিরাও এই কমিটিতে আছেন। একমাসের মধ্যে কমিটি তার সুপারিশ পেশ করবে। তারপর মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর নতুন নতুন নীতি বা স্কিমটি জানানো হবে। এই ব্যাপারে বিধানসভায় বিল আনা হতে পারে বলেও মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। বিভিন্ন সময়ে রাজ্য সরকারের ঘোষিত শিল্প সংক্রান্ত ১০টি ইনসেনটিভ স্কিম তুলে নেওয়ার জন্য একটি বিল (রিভোকেশন অব  ওয়েস্ট বেঙ্গল ইনসেনটিভ স্কিমস অ্যান্ড অবলিগেশন ইন দ্য নেচার অব গ্রান্টস অ্যান্ড ইনসেনটিভস বিল) পাশ হয়েছে। এই বিলটির উপর শুধু মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য পেশ করেন। মুখ্যমন্ত্রী  বলেন, এই বিলটির মধ্যে কোনও নেগেটিভ দিক নেই। পুরোটাই পজিটিভ। এখনকার পরিস্থিতি, রাজ্য সরকারের আর্থিক অবস্থা প্রভৃতি বিবেচনা করে নতুন নীতি তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ২০০০ সালে যে পরিস্থিতি ছিল এখন তা নেই। আগে তথ্য-প্রযুক্তি শিল্প সেভাবে ছিল না। এখন তথ্য-প্রযুক্তি ও সংশ্লিষ্ট ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ। বামফ্রন্ট সরকারের সময় যেভাবে ঠিকমতো বিচার বিবেচনা না করে বিভিন্ন ইনসেনটিভ স্কিম ঘোষণা করা হয়েছিল তার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এর ফলে রাজ্য সরকারের কোষাগারের উপর এখনও চাপ পড়ছে। রাজ্যে এখন প্রচুর নতুন শিল্প আসছে। পাশাপাশি সামজিক প্রকল্পে সরকারকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। রাজ্যের শিল্পমন্ত্রী বিধানসভার লবিতে বলেন, ইনসেনটিভ স্কিমের সুবিধা নিয়ে অনেক শিল্প সংস্থা বন্ধ হয়ে গিয়েছে। নতুন নীতি সবদিক বিবেচনা করে তৈরি হচ্ছে। এদিন বিধানসভায় অর্থ বিল পাশ হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ