দুবাই: বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভারতের ম্যাচে ফাঁকা ছিল ২৫ হাজার দর্শকাসনের গ্যালারি। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণের আগেও থাকছে সেই আশঙ্কা। অথচ, বিশ্ব ক্রিকেটে এই দুই দেশ মুখোমুখি হওয়া মানেই অবধারিত ভর্তি গ্যালারি। কিন্তু এশিয়া কাপ ঘিরে উৎসাহের সেই চেনা ছবি অনুপস্থিত। বৃহস্পতিবার রান ৯টা পর্যন্ত দুবাই স্টেডিয়ামের অর্ধেক স্ট্যান্ডেই পাওয়া যাচ্ছিল টিকিট। অথচ, চলতি বছরের গোড়ায় এখানেই হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুহূর্তের মধ্যে এই মোকাবিলার টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছিল। রবিবারের ম্যাচের টিকিট ঘিরেও তেমন আগ্রহ থাকার আশা করা হয়েছিল। কিন্তু বাস্তব তা নয়।



