Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তিন জুনিয়র ডাক্তারকে দূরে বদলি, বিক্ষোভ স্বাস্থ্যভবনে

সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাউন্সেলিং-এর পোস্টিং নির্দিষ্ট হয়ে গিয়েছিল। তারপরও আর জি কর আন্দোলনের তিন জুনিয়র ডাক্তার নেতাকে দূরবর্তী জায়গায় বদলি করা হয়েছে।

তিন জুনিয়র ডাক্তারকে দূরে  বদলি, বিক্ষোভ স্বাস্থ্যভবনে
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাউন্সেলিং-এর পোস্টিং নির্দিষ্ট হয়ে গিয়েছিল। তারপরও আর জি কর আন্দোলনের তিন জুনিয়র ডাক্তার নেতাকে দূরবর্তী জায়গায় বদলি করা হয়েছে। এটি প্রতিহিংসা ছাড়া অন্য কিছুই নয়। এমন অভিযোগে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত স্বাস্থ্যভবনে অবস্থান করলেন বদলি হওয়া জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে ছিলেন এসইউসি এবং সিপিএম সমর্থিত চিকিৎসক সংগঠনের কিছু নেতাও। যে তিনজন জুনিয়র ডাক্তার নেতাকে বদলি করায় এই অশান্তি, তাঁরা হলেন ডাঃ অনিকেত মাহাত, ডাঃ দেবাশিস হালদার এবং ডাঃ আসফাকুল্লা নাইয়া। কাউন্সেলিং শেষে ডাঃ মাহাতকে আর জি কর, দেবাশিসকে হাওড়া জেলা হাসপাতাল এবং আসফাকুল্লাকে আরামবাগ মেডিক্যাল কলেজে পোস্টিং দেওয়া হয়েছিল। 

Advertisement

অভিযোগ, পোস্টিং দেওয়ার পর সমস্ত এসআরদের মধ্যে শুধু তাঁদের তিনজনকে দূরবর্তী জেলায় অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ডাঃ হালদারকে মালদহের গাজোল স্টেট জেনারেল, ডাঃ মাহাতকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ এবং ডাঃ নাইয়াকে পুরুলিয়া মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে। তিনজনের দাবি, এই কাজ নিয়মবহির্ভূত। যদিও স্বাস্থ্যদপ্তরের শীর্ষ কর্তাদের দাবি, জনস্বার্থে সরকার যে কোনও জায়গাতেই পাঠাতে পারে। শুধু তাই নয়, নাগরিক সমাজের একাংশের বক্তব্য, যারা কিছুদিন আগেই সমাজ পরিবর্তনের কথা বলছিলেন, তাঁদের গ্রামীণ এবং প্রত্যন্ত জেলায় যেতে এত আপত্তি কীসের! এদিকে বদলির বিরুদ্ধে ডেপুটেশনকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় স্বাস্থ্যভবনের বাইরে এবং ভিতরে অশান্তি এবং পুলিসের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি চলে। রাতে অবস্থান ওঠে।

সম্পর্কিত সংবাদ