নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শুধু যে ভারতবিরোধী চক্রান্ত করা হচ্ছে তাই নয়। ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের আশেপাশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তা লঙ্ঘনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। ভারত সরকার এসব সহ্য করবে না। বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে এই কঠোর বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশের মধ্যে থেকে ভারত বিরোধী মিথ্যা প্রচার করা হচ্ছে এবং উগ্রপন্থায় প্ররোচনা দেওয়া হচ্ছে। ভারত অত্যন্ত উদ্বিগ্ন। ভারত চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন কড়া হাতে এই চক্রান্তকে দমন করে। কিন্তু একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে। অথচ অন্তর্বর্তী সরকার কোনওরকম তদন্ত করেনি। ভারতকে জানায়নি যে, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভারত নীরব থাকবে না। ভারত যে প্রবল ক্ষুব্ধ তার প্রমাণও এদিন দিয়েছে ভারত। ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত এই কেন্দ্র জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার জেরে এই সিদ্ধান্ত। আপাতত ভারতে আসার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন নেওয়া হচ্ছে না।



