Bartaman Logo
৩১ মে, ২০২৬

এবার ব্রহ্মসের থেকেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ছুটবে শব্দের ৮ গুণ বেশি বেগে

ভারত অহিংসা, শান্তিতে বিশ্বাসী। কিন্তু, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্টের চেষ্টা হলে শত্রুর কী পরিণতি হতে পারে, তা দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর।

এবার ব্রহ্মসের থেকেও শক্তিশালী ক্ষেপণাস্ত্র, ছুটবে শব্দের ৮ গুণ বেশি বেগে
  • ২২ মে, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: ভারত অহিংসা, শান্তিতে বিশ্বাসী। কিন্তু, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নষ্টের চেষ্টা হলে শত্রুর কী পরিণতি হতে পারে, তা দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর। গোটা বিশ্ব দেখেছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা। পাকিস্তানি সেনা ঘাঁটি হোক কিংবা জঙ্গি শিবির—নিমিষে ধ্বংস করে দিয়েছে ভারতের এই ‘মৃত্যুদূত’। এবার আরও শক্তিশালী হাইপারসোনিক মিসাইল ‘ব্রহ্মস-২’ তৈরি করছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সম্প্রতি এমনই ইঙ্গিত দিয়েছেন সংস্থার সিনিয়র সায়েন্টিস্ট ডঃ সুধীরকুমার মিশ্র। তিনি জানিয়েছেন, ভারত খুব শীঘ্রই হাইপারসোনিক মিসাইল বিশ্বের কাছে তুলে ধরবে। ইতিমধ্যেই এর ইঞ্জিনের পরীক্ষা সফল হয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, হাইপারসোনিক মিসাইল ঘণ্টায় ৬ হাজার ১৭৪ কিলোমিটার (মার্ক ৫) বেগে টার্গেটে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি। এই বেগের কারণে তা সহজে শত্রুপক্ষের রেডারে ধরা পড়ে না। আর কোনওভাবে ক্ষেপণাস্ত্র চিহ্নিত করা গেলেও তা ঠেকানোর ক্ষমতা সিংহভাগ দেশেরই নেই। ভারত নয়া যে মিসাইল তৈরি করছে, তার গতিবেগ ও ধ্বংসের ক্ষমতা ব্রহ্মসের থেকেও বেশি হবে। সেটি ৭ থেকে ৮ মার্ক বেগে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। অন্যান্য বৈশিষ্ট্যেও টেক্কা দেবে নয়া সংস্করণ। পাশাপাশি, প্রচলিত ও পরমাণু অস্ত্র নিয়ে দেড় হাজার কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনতে পারবে। নয়া মিসাইল নিয়ে সরকারিভাবে তেমন কিছু প্রকাশ্যে আনেনি ভারত। তবে তথ্যাভিজ্ঞ মহলের মতে, চীনের কথা মাথায় রেখেই অস্ত্রভাণ্ডার তৈরি করছে নয়াদিল্লি।
 তথ্যাভিজ্ঞ মহলের মতে, হাতে গোনা কয়েকটি দেশের কাছে হাইপারসোনিক মিসাইলের জন্য স্ক্র্যামজেট ইঞ্জিন ভিত্তিক প্রযুক্তি রয়েছে। তালিকায় রাশিয়া, চীন, আমেরিকা। তাতে ঢুকে গিয়েছে ভারতও। গতবছর নভেম্বর মাসে ডিআরডিও ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রথম দূরপাল্লার হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা সফল হয়। 

সম্পর্কিত সংবাদ