Bartaman Logo
৩১ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

এবার সুদেষ্ণার শ্যুটিংয়ে বাধা, কারণ না জানিয়েই সরে গেলেন টেকনিশিয়ানরা

টলিউডে ফের সিনেমার শ্যুটিংয়ে বাধা দেওয়ার অভিযোগ। রাহুল মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের পর এবার বাধা পেলেন পরিচালক সুদেষ্ণা রায়।

এবার সুদেষ্ণার শ্যুটিংয়ে বাধা, কারণ না জানিয়েই সরে গেলেন টেকনিশিয়ানরা
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিউডে ফের সিনেমার শ্যুটিংয়ে বাধা দেওয়ার অভিযোগ। রাহুল মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়ের পর এবার বাধা পেলেন পরিচালক সুদেষ্ণা রায়। আগামী শুক্রবার থেকে উত্তর কলকাতার একটি বাড়িতে তাঁর নতুন ছবি ‘স্বপ্ন হলেও সত্যি’র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। সেইমতো গত বুধবার থেকে সেট তৈরির প্রস্তুতি চলছিল। পূর্ব পরিকল্পনা মতো বুধবার শ্যুটিংস্থলে হাজির হন সুদেষ্ণা। কিন্তু কোনও টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না। সেখান থেকেই সমাজমাধ্যমে লাইভ ভিডিও করে সুদেষ্ণা জানান, টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে নির্দিষ্ট সময়ে শ্যুটিং শুরু করা সম্ভব হল না। 

Advertisement

এ বিষয়ে সুদেষ্ণার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ২০ বছরের পুরনো প্রোডাকশন ম্যানেজার শ্যুটিং শুরুর ছ’দিন আগে আচমকা কাজ থেকে সরে দাঁড়ান। তিনি যে গিল্ডের সদস্য তাদের এবং ফেডারেশনকে ইমেলে বিষয়টি জানিয়েছিলাম। এর মধ্যেই বাকি টেকনিশিয়ানরাও সরে দাঁড়ালেন। আদালত নির্দেশ দিয়েছিল, কারও কাজে যেন বাধা না দেওয়া হয়। তারপরও এটা হল!’ পরিচালকের দাবি, কোনও কারণ না জানিয়ে একে একে এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন বিভিন্ন বিভাগের টেকনিশিয়ানরা। এতে তিনি এবং তাঁর প্রযোজক ক্ষতিগ্রস্ত।
অতীতে বারবার বাধার মুখে পড়েছেন বিভিন্ন পরিচালক। সেসময় শ্যুটিংয়ে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়াকার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার হস্তক্ষেপের বিরোধিতা করেছিলেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেষ্ণা রায়। সে কারণেই কি এবার তিনিই টার্গেট? উঠছে এমন প্রশ্ন। এ প্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, ‘পরিচালক সুদেষ্ণা রায়ের ফেসবুক লাইভের কথা আমি শুনেছি। তবে উনি ঠিক কী কী বলেছেন, সে সম্পর্কে আমি এখনও সবটা জানি না। ওঁর বক্তব্য ভালো ভাবে শুনে তারপর আমার প্রতিক্রিয়া জানাতে পারব।’

সম্পর্কিত সংবাদ