নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহে পাঁচদিন ব্যাংকিং পরিষেবা চালু করার জন্য দীর্ঘদিন লড়াই করছেন ব্যাংকের কর্মী ও অফিসাররা। নীতিগতভাবে ব্যাংক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন বা আইবিএ সেই সিদ্ধান্ত মেনে নিলেও, কেন্দ্রীয় সরকার তা এখনও মানেনি। সেই কারণেই আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যদি সপ্তাহে পাঁচ দিন ব্যাংক ব্যবস্থা চালু হয়, তাহলে গ্রাহকের পরিষেবায় কোন ঘাটতি হবে না। এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডাারেশন এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রূপম রায়। শনিবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন ৬০তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সোম থেকে শুক্রবার ব্যাংক চালু থাকলে, ওই দিনগুলিতে ৪০ মিনিট করে বেশি পরিষেবা দেবেন কর্মী ও অফিসাররা। ফলে মানব- ঘণ্টা নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদও করেন তিনি। বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ধ্বংস করে বেসরকারিকরণের যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিতে চলেছে, তা কোনভাবেই সফল হতে দেওয়া যাবে না। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বাঁচিয়ে রাখার আন্দোলনের পিছনে শুধু ব্যাংক কর্মী বা অফিসারদের স্বার্থ জড়িয়ে নেই। কৃষক ছাত্র-ছাত্রী, ছোটো ব্যবসায়ীরা যেভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে কম সুদের হারে ঋণ পান, সেই সুযোগ তাঁরা হারাতে পারেন। সেই স্বার্থের উপর কোনওভাবেই আঘাত করা চলবে না। এদিনের অনুষ্ঠানে এসবিআই কলকাতা সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার নিরজকুমার পান্ডা অফিসারদের আরজি জানান, দেশের অন্যতম প্রধান ব্যাংক হিসেবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া যেভাবে পরিষেবা দিয়ে চলেছে, তা অক্ষুন্ন রাখতে হবে। নিজস্ব চিত্র।



